কলকাতা, ১৯ নভেম্বর: রবিবার মাঝরাতে সল্টলেকের ক্রীড়া কর্তৃপক্ষের (সাই) চত্বর থেকে নিখোঁজ হওয়া হরিয়ানার ২৪ বছরের ক্রীড়াবিদকে বৃহস্পতিবার খুঁজে পাওয়া গেল দিল্লি বিমানবন্দরে। সোনিপতের বাসিন্দা কুনাল সাই-এর ক্রীড়া প্রশিক্ষণের ডিপ্লোমা কোর্সের ছাত্র। মিলেনিয়াম হস্টেল থেকে তিনি বেরিয়ে যান রাত বারোটা নাগাদ, মন খারাপ ও বাড়ির জন্য উদ্বিগ্ন হয়ে, এমনটাই জানা গিয়েছে। তার পর কলকাতা থেকে বিমানে চলে যান দিল্লি।
তদন্তে জট পাকায় কুনালের মায়ের কথায়। সাই-কর্তাদের বক্তব্য, প্রথমে তিনি জানিয়েছিলেন ছেলে বাড়ি পৌঁছে গিয়েছে, পরে জানান সে নিখোঁজ। ছেলের খোঁজ না মেলায় সাই তাঁকে বিনা অনুমতিতে হস্টেল ছাড়ার জন্য কারণ দর্শানোর নোটিস পাঠায়, আর অপহরণের মামলা রুজু করার আর্জি নিয়ে যায় বিধাননগর দক্ষিণ থানায়। পুলিশ জানিয়েছে, কুনাল বাড়িতেও না-ফেরায় দিল্লি ও হরিয়ানার প্রশাসনকে সতর্ক করা হয়।
শেষ পর্যন্ত কুনালকে আটকান কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনীর (সিআইএসএফ) কর্মীরা। দিল্লি বিমানবন্দরের পাঁচিল টপকানোর চেষ্টার সময় তাঁকে ধরে ফেলা হয়। বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে তাঁকে।








