লাহোর, ২০ নভেম্বর: আইপিএলের সঙ্গে বাণিজ্যিক লড়াইয়ে পিএসএলের পেরে ওঠা সম্ভব নয়। এই বিস্ফোরক স্বীকারোক্তিই করে বসলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মালিক নাদিম ওমর। শুধু তাই নয়, উপযুক্ত প্রস্তাব পেলে ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি করতেও রাজি তিনি। ওমরের কথায়, আইপিএলের বিশাল বাজার, মোটা স্পনসরশিপ, বিপুল সম্প্রচার স্বত্বের অর্থ, টিকিট বিক্রি এবং মার্চেন্ডাইজিং আয়ের সঙ্গে পিএসএলের তুলনাই হয় না। পাকিস্তানে অফিসিয়াল জার্সি বাজারে এলেই তার সস্তা নকল সংস্করণ ছড়িয়ে পড়ে, ফলে বড় অঙ্কের রাজস্ব হাতছাড়া হয়। আরও চাঞ্চল্যকর তথ্য, চারবার ফাইনালে ওঠা এবং একবার চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স টানা সাত বছর লোকসানে চলেছে। ব্যবসার পাশাপাশি বেলুচিস্তানের ক্রিকেটের উন্নতি, কোয়েটায় ম্যাচ আয়োজন এবং স্থানীয় ক্রিকেটারদের তুলে ধরার স্বপ্ন নিয়েই দল কিনেছিলেন ওমর। কিন্তু সেই লক্ষ্যগুলির বড় অংশই পূরণ হয়নি। তাঁর আক্ষেপ, পিএসএল এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে দল চালানোর খরচ অনেক মালিকের পক্ষেই সামলানো কঠিন। তা সত্ত্বেও পিএসএলকে বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ বলেই মনে করেন তিনি। তবে বাস্তব ছবিটা স্পষ্ট, ক্রিকেটের মাঠে নয়, অর্থের ময়দানে আইপিএলের সামনে কার্যত অসহায় পিএসএল। কোয়েটা মালিকের মন্তব্য সেই বাস্তবতাকেই আরও একবার প্রকাশ্যে এনে দিল।








