নিজস্ব সংবাদদাতা: ইতালির লোনাটোয় নিখুঁত লক্ষ্যভেদে ইতিহাস গড়লেন ভারতের নীরু ঢান্ডা। আইএসএসএফ শটগান বিশ্বকাপের মহিলাদের ট্র্যাপ ইভেন্টে কেরিয়ারের প্রথম ব্যক্তিগত সোনা জিতে নিলেন তিনি। ফাইনালের মঞ্চে স্নায়ুর চূড়ান্ত চাপ সামলে নীরু যেভাবে ফরাসি প্রতিপক্ষকে টেক্কা দিলেন, তা ভারতীয় শ্যুটিংয়ের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। তিরিশটি টার্গেটের মধ্যে ২৭টিতে নির্ভুল নিশানায় আঘাত হেনে সোনা নিশ্চিত করেন তিনি। লড়াইটা অবশ্য মোটেও সহজ ছিল না। একসময় প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন তথা অলিম্পিয়ান ক্যারোল কোরমেনিয়ারের সঙ্গে ২৫-২৫ পয়েন্টে সমতায় ছিলেন নীরু। কিন্তু শেষ দুটি শটে চাপের মুখে মাথা ঠান্ডা রাখতে ব্যর্থ হন ফরাসি তারকা। অন্যদিকে, স্থির লক্ষ্যে অবিচল থেকে কাঙ্ক্ষিত সোনা ছিনিয়ে নেন ভারতের এই কৃতী শ্যুটার।
ফাইনালে ওঠার আগে যোগ্যতা অর্জন পর্বেও নিজের আধিপত্য বজায় রেখেছিলেন নীরু। ১২৫টির মধ্যে ১২১ পয়েন্ট তুলে শীর্ষস্থানে থেকেই পদকের লড়াইয়ে অবতীর্ণ হন তিনি। এই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন ইতালির জুনিয়র স্তরের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন এরিকা সেসা। অন্যদিকে, ঘরের মাঠে হতাশ করেছেন প্যারিস অলিম্পিক্সে রুপোজয়ী ইতালীয় তারকা সিলভানা স্তাঙ্কো, যিনি শুরুর দিকেই ছিটকে যান। ২০২৬ সালের আইএসএসএফ বিশ্বকাপ মরসুমে শটগানে এটি ভারতের প্রথম ব্যক্তিগত পদক এবং সব মিলিয়ে দ্বিতীয়। এর আগে চলতি বছরেই কাজাখস্তানের আলমাটিতে ভিভান কুমারের সঙ্গে জুটি বেঁধে মিক্সড ট্র্যাপ ইভেন্টে দেশের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন নীরু।
নীরুর এই সাফল্যের দিনে অবশ্য ভারতের অন্য শ্যুটারদের পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক ছিল না। মহিলাদের যোগ্যতা অর্জন পর্বে দশম স্থানে শেষ করে অল্পের জন্য ফাইনালের টিকিট হাতছাড়া করেন মনীষা কীর। পুরুষদের ট্র্যাপ ইভেন্টেও ভারতীয়দের রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। পৃথ্বীরাজ তোন্ডাইমান ৩২তম এবং এশিয়ান গেমসে পদকজয়ী কাইনান চেনাই ৭১তম স্থানে শেষ করে চূড়ান্ত হতাশ করেছেন। তবে সতীর্থদের সার্বিক ব্যর্থতার মাঝেও লোনাটোর রেঞ্জে নীরুর এই ঐতিহাসিক স্বর্ণপদক জয় ভারতীয় ক্রীড়ামহলে এক স্বস্তির সুবাতাস বয়ে এনেছে।









