পদার্থবিদ্যা অলিম্পিয়াডে ভারতীয় দলের ঐতিহাসিক সাফল্য, পাঁচ সোনা জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

​কলম্বিয়ার বুকারামাংগাতে আয়োজিত ৫৬তম আন্তর্জাতিক পদার্থবিদ্যা অলিম্পিয়াড ২০২৬-এ ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে ভারত। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারতীয় দলের পাঁচ সদস্যই সোনার পদক জিতে নিয়েছেন এবং চিন, কাজাখস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের সঙ্গে যৌথভাবে বিশ্বের এক নম্বর স্থান অধিকার করেছে দেশ। ৮৭টি দেশের ৩৮১ জন প্রতিযোগীর মধ্যে ভারতীয় ছাত্রছাত্রীদের এই অসামান্য পারফরম্যান্স বিশ্বমঞ্চে ভারতের বিজ্ঞান শিক্ষার সুনামকে আরও সুদৃঢ় করেছে। সোমবার এই অভাবনীয় সাফল্যের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
​এক্স বা সাবেক টুইটার হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী পুণের কনিষ্ক জৈন, ইন্দোরের ঋদ্ধেশ অনন্ত বেন্দালে, নয়াদিল্লির দ্বারকার ঋষিত গর্গ, মুম্বইয়ের শ্রেষ্ঠ সুরাইয়া এবং আহমেদাবাদের স্বরিত জোশীকে সোনার পদক জয়ের জন্য শুভেচ্ছাবার্তা জানান। প্রধানমন্ত্রী লেখেন, যুবশক্তির সীমাহীন সম্ভাবনা এবং বিজ্ঞান ও গবেষণার প্রতি তাঁদের অনুরাগের এটি এক অনবদ্য উদাহরণ। গত এক দশকে এই মঞ্চে ভারতীয় ছাত্রছাত্রীদের ধারাবাহিক অসামান্য সাফল্যের কথাও তিনি বিশেষভাবে উল্লেখ করেন। উল্লেখ্য, গত দশ বছরে এই অলিম্পিয়াডে অংশগ্রহণকারী প্রতিটি ভারতীয় প্রতিযোগী পদক জয় করতে সক্ষম হয়েছেন।
​দেশের এই ধারাবাহিক অসামান্য সাফল্যের নেপথ্যে রয়েছে ভারত সরকারের পরমাণু শক্তি দফতরের অধীনস্থ টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের জাতীয় কেন্দ্র, হোমি ভাভা সেন্টার ফর সায়েন্স এডুকেশন। আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডগুলির জন্য দেশের নোডাল এজেন্সি হিসেবে কাজ করা এই প্রতিষ্ঠানটি একটি কঠোর বহুমুখী নির্বাচন প্রক্রিয়া, ওরিয়েন্টেশন ক্যাম্প এবং নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে প্রাক-বিশ্ববিদ্যালয় স্তরের মেধাবী ছাত্রছাত্রীদের চিহ্নিত করে তাঁদের বিশ্বমঞ্চের জন্য প্রস্তুত করে তোলে।

Leave a Comment

আরও পড়ুন