টানা বৃষ্টিতে জলমগ্ন নয়াগ্রামের খড়িকামাথানী, ড্রেন বন্ধ করে বাড়ি নির্মাণের অভিযোগ; দ্রুত সমাধানের আশ্বাস পঞ্চায়েত প্রধানের

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: অপরিকল্পিত শহরায়নের হতশ্রী অবস্থা। টানা বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানী এলাকার একাংশ। সিআরপিএফ ক্যাম্প থেকে গোহালডিহা যাওয়ার রাস্তায় দীর্ঘক্ষণ জল দাঁড়িয়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, একটি পুরনো স্বাভাবিক নিকাশি বন্ধ করে বাড়ি নির্মাণ করায় বৃষ্টির জল বের হতে পারছে না। এর জেরেই জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে তৃণমূললের স্থানীয় পঞ্চায়েত প্রধান অঞ্জলি পাতর জানান, আগে থেকেই ওই জায়গায় একটি পুরনো ড্রেন ছিল। বাড়ি নির্মাণের সময় সেই ড্রেন বন্ধ না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে একাধিকবার বলা হলেও তিনি তা শোনেননি। অঞ্জলি পাতরের দাবি, “ওই ব্যক্তি নিজের জমিতে পাঁচিল করেছেন ঠিকই, কিন্তু সকলের স্বার্থে জলনিকাশির ব্যবস্থা রাখার দায়িত্বও তাঁর ছিল।”
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আগে থানার আইসির সঙ্গেও আলোচনা হয়েছিল। এলাকায় নতুন ড্রেন নির্মাণের জন্য একটি প্রকল্পের প্রস্তাব ও এস্টিমেট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবারই অফিসে গিয়ে সেই প্রক্রিয়া শুরু করবেন বলেও আশ্বাস দেন তিনি।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চলতি বছর বাড়ি নির্মাণের পর থেকেই জল বেরোনোর পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আগে এই এলাকায় স্বাভাবিকভাবেই বৃষ্টির জল নিকাশি নালার মাধ্যমে বেরিয়ে যেত। এখন সেই ব্যবস্থা না থাকায় রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের যাতায়াতে চরম সমস্যা হচ্ছে।
স্থানীয় বিজেপি নেতা তথা নয়াগ্রাম নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট সুমীর কুমার ঘোষ অভিযোগ করেন, তৎকালীন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত জনস্বার্থের কথা না ভেবে বাড়ি নির্মাণের অনুমতি দিয়েছিল। তাঁর দাবি, ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে গিয়ে জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। অবিলম্বে অস্থায়ী জলনিকাশির ব্যবস্থা এবং স্থায়ী সমাধানের দাবি জানান তিনি। প্রয়োজনে আইনের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দেন।
যদিও অভিযুক্ত ব্যক্তির বক্তব্য এই বিষয়ে জানা যায়নি। স্থানীয় প্রশাসনের তরফে পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে এবং দ্রুত জলনিকাশির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পঞ্চায়েত সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

আরও পড়ুন