ঝাড়গ্রাম জেলার বিনপুর বিধানসভা এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই পূর্ণাঙ্গ রূপে চালু হতে চলেছে বহু কাঙ্ক্ষিত শিলদা বাসস্ট্যান্ড। উদ্বোধনের আগে বাসস্ট্যান্ডের সামগ্রিক পরিস্থিতি ও প্রস্তুতি খতিয়ে দেখতে সম্প্রতি ওই এলাকা সরেজমিনে পরিদর্শন করেন বিনপুরের বিধায়ক প্রণত টুডু।
এদিন তিনি বাসস্ট্যান্ড চত্বরে ঘুরে পরিকাঠামোগত বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিশেষ করে যাত্রীদের ওঠা-নামার সুবিধা, বাসস্ট্যান্ডের পরিচ্ছন্নতা এবং যানজটমুক্তভাবে যানবাহন চলাচলের রূপরেখার ওপর তিনি জোর দেন। শুধুমাত্র সরকারি স্তরেই নয়, এদিন বিধায়ক সরাসরি জনসংযোগের ওপরও গুরুত্ব আরোপ করেন। তিনি উপস্থিত সাধারণ মানুষ ও নিত্যযাত্রীদের সঙ্গে কথা বলে তাঁদের দৈনন্দিন যাতায়াতের সুবিধা-অসুবিধা এবং নতুন বাসস্ট্যান্ড ঘিরে নানা প্রত্যাশা ও অভাব-অভিযোগের কথা মনোযোগ সহকারে শোনেন।









