সুনীপম মহাকুল, খড়গপুর, ২৩ জুলাই: দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রেল রুটে যাত্রী এবং পণ্যবাহী ট্রেনের যানজট কাটিয়ে মসৃণ পরিবহণের লক্ষ্যে বড়সড় পদক্ষেপ করল ভারতীয় রেল। দক্ষিণ পূর্ব রেলওয়ের অন্তর্গত নিমপুরা ওয়েস্ট আউটার কেবিন এবং মেদিনীপুরের মধ্যে সাড়ে চোদ্দ কিলোমিটার দীর্ঘ একটি তৃতীয় রেল লাইন নির্মাণের প্রকল্পে চূড়ান্ত ছাড়পত্র দিল রেল মন্ত্রক। এই মেগা প্রকল্পের জন্য আনুমানিক চারশো চল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মূলত শিল্পক্ষেত্রে ক্রমবর্ধমান পরিবহণের চাহিদা মেটানো এবং প্রয়োজনীয় সামগ্রী যাতে দ্রুত গন্তব্যে পৌঁছতে পারে, সেই লক্ষ্যেই ট্রেনের ধারণক্ষমতা বাড়ানোর যে ধারাবাহিক প্রক্রিয়া রেল শুরু করেছে, এটি তারই একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
রেল মন্ত্রক জানিয়েছে, এই নতুন প্রকল্পটি হাই ইউটিলাইজেশন নেটওয়ার্ক বা হান-দুই-এর অন্তর্গত একটি অংশে বাস্তবায়িত হতে চলেছে। বর্তমানে নিমপুরা ওয়েস্ট আউটার কেবিন থেকে গোকুলপুর পর্যন্ত অংশটি একমুখী লাইন হিসেবে কাজ করছে, যদিও সেখানে দ্বিমুখী লাইন তৈরির কাজ ইতিমধ্যেই চলছে। তবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুটে পরিবহণের চাপ এতটাই বেশি যে, একটি অতিরিক্ত তৃতীয় লাইন তৈরি হলে তা রেলের ধারণক্ষমতা এবং পরিচালনার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। তথ্য অনুযায়ী, বর্তমানে এই রুট দিয়ে কয়লা, আকরিক লোহা, ম্যাঙ্গানিজ, ইস্পাত, সিমেন্ট, সার, পেট্রোলিয়াম জাত দ্রব্য থেকে শুরু করে গম, চাল, ভোজ্যতেল এবং চুনাপাথরের মতো অজস্র অপরিহার্য পণ্য পরিবহণ করা হয়। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বছরে প্রায় দুই কোটি আটত্রিশ লক্ষ টন পণ্য এই পথে পরিবাহিত হয়। ফলস্বরূপ, লাইনটির ধারণক্ষমতার ব্যবহার ইতিমধ্যেই একশো পনেরো শতাংশের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ, নির্ধারিত ক্ষমতার চেয়ে অনেক বেশি চাপে ধুঁকছে এই রুটটি, যার ফলে প্রতিনিয়ত যানজট এবং পরিচালনগত নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে রেলকে।
এই দমবন্ধ করা পরিস্থিতি থেকে মুক্তি দিতেই চারশো চল্লিশ কোটির এই তৃতীয় লাইনের দাওয়াই দিয়েছে রেল। প্রকল্পটি সম্পূর্ণ হলে শুধু যে যাত্রীবাহী ট্রেনের গতি বাড়বে তা নয়, বছরে অতিরিক্ত আরও পঁয়ত্রিশ লক্ষ কুড়ি হাজার টন পণ্য অনায়াসে পরিবহন করা সম্ভব হবে। রেল কর্তাদের আশা, এই বর্ধিত পরিকাঠামোর ফলে পরিচালনগত দক্ষতা যেমন বাড়বে, তেমনই যানজট কমে গিয়ে রেল নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা আরও দৃঢ় হবে। এর সরাসরি সুফল পাবে ওই রেলওয়ে করিডরের ওপর নির্ভরশীল নানা শিল্প ও ব্যবসা বাণিজ্য। সামগ্রিকভাবে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে রেল পরিকাঠামোকে আধুনিক ও কার্যকরী করে তোলার যে বিশাল কর্মকাণ্ড শুরু হয়েছে, মেদিনীপুরের এই নয়া তৃতীয় লাইন সেই লক্ষ্যপূরণের পথেই একটি বড় পদক্ষেপ।









