ঝাড়গ্রামের নয়াগ্রামে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ব্লক স্তরের সচেতনতা শিবির

নয়াগ্রাম, ২৩ জুলাই: বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের খড়িকামাতানি মার্কেট কমপ্লেক্সে রাজ্য সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরের উদ্যোগে এক বিশেষ ব্লক ভিত্তিক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। ব্লকের বিডিও সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে এই শিবিরের আয়োজন করা হয়। ২৩ এবং ২৪ জুলাই— এই দু’দিন ব্যাপী এই কর্মসূচির মূল লক্ষ্য হল স্থানীয় স্তরে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রসার ঘটানো।

শিবিরে মূলত ‘প্রধানমন্ত্রী ফরমালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস স্কিম’ (পিএমএফএমই), ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা’ (পিএমকেএসওয়াই), ‘মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার’ (এমআইডিএইচ) এবং ‘ন্যাশনাল হর্টিকালচার বোর্ড’ (এনএইচবি)-এর বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আধিকারিকরা জানান, পিএমএফএমই স্কিমের আওতায় খাদ্য প্রক্রিয়াকরণের নতুন ইউনিট গড়া বা পুরনো ইউনিটের সম্প্রসারণের জন্য ব্যাংক লোন পাওয়া যাবে। এতে প্রকল্প ব্যয়ের ওপর ৩৫ শতাংশ (সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত) ভর্তুকি মিলবে। এছাড়াও সাধারণ পরিকাঠামো তৈরি এবং স্বনির্ভর গোষ্ঠীর (এসএইচজি) মহিলাদের যন্ত্রপাতি ও কাঁচামাল কেনার জন্য ‘বীজ মূলধন’ হিসেবে সদস্য পিছু সর্বোচ্চ ৪০,০০০ টাকা পর্যন্ত সরকারি সহায়তার কথা এদিনের শিবিরে তুলে ধরা হয়।

উদ্যোক্তাদের ব্যবসায়ের গুণগত মান বৃদ্ধি, ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের ক্ষেত্রেও সরকার যে আর্থিক ও পরিকাঠামোগত সহায়তা প্রদান করছে, সে বিষয়েও স্থানীয়দের সচেতন করা হয়। ব্লক প্রশাসনের এই উদ্যোগের ফলে নয়াগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উদ্যোগী হতে ব্যাপকভাবে উৎসাহিত হবেন বলে মনে করা হচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীদের দপ্তরের নির্দিষ্ট ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

আরও পড়ুন