নয়াদিল্লি: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর সামনে আসতেই আনন্দে ফেটে পড়ে বিক্ষোভরত ছাত্রসমাজ এবং ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের একটি ভিডিও এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে উল্লাসে ফেটে পড়তে দেখা যায়। এই ঘটনাকে ‘গণতন্ত্রের জয়’ বলে উল্লেখ করে তিনি সমবেত জনতার উদ্দেশে বলেন, “বলা হতো এই সরকারে কেউ ইস্তফা দেন না। কিন্তু দুনিয়া মাথা নোয়ায়, শুধু মাথা নোয়ানোর মতো কাউকে দরকার (ঝুকতি হ্যায় দুনিয়া, ঝুকানে ওয়ালা চাহিয়ে)।” নরেন্দ্র মোদীর সরকারে এই প্রথম কোনও মন্ত্রীর পদত্যাগের ঘটনাকে নিজেদের সবচেয়ে বড় জয় হিসেবেই দেখছেন আন্দোলনকারীরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা পদত্যাগপত্রে শিক্ষাক্ষেত্রে নিজের চার দশকের দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি পরীক্ষা নিয়ে বিতর্কের কথা উল্লেখ করে তিনি জানান, গত ৩ মে পরীক্ষার পর অনিয়মের বিষয়টি সামনে আসতেই সরকার দ্রুত পদক্ষেপ করেছিল। সিবিআই-এর হাতে তদন্তভার দেওয়ার পাশাপাশি পরীক্ষা বাতিল করে ফের নতুন দিনক্ষণ ঘোষণা করা হয়। আগামী বছর থেকে পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে সম্পূর্ণ কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা নেওয়ার কথাও জানান তিনি। প্রাক্তন মন্ত্রীর দাবি, পুনরায় পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে ২০ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ সুরক্ষিত রাখাই সরকারের প্রধান লক্ষ্য ছিল এবং প্রথম দিন থেকেই তিনি এই পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন।
শিক্ষামন্ত্রীর এই ইস্তফা ঘোষণার ঠিক আগেই রাজধানী দিল্লিতে আন্দোলনরত তরুণ পড়ুয়াদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। উল্লেখ্য, এই পদত্যাগের ঠিক আগের দিনই সিজেপি-র মুখপাত্ররা কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠক করেছিলেন। ধারাবাহিক ছাত্র আন্দোলন এবং দেশজুড়ে তৈরি হওয়া প্রবল চাপের মুখেই শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী ইস্তফা দিতে বাধ্য হলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।









