ঘরের মাঠে ডাহা ফেল, বিদেশে রফতানির জোরেই মুখরক্ষা! চিনের জিডিপি বৃদ্ধিতে বড়সড় ধাক্কা

সুনীপম মহাকুল: ঘরের বাজারে মাছি তাড়াচ্ছেন দোকানিরা, অথচ বিদেশের বাজারে চিনা মালের রমরমা! জিডিপি-র খতিয়ান বলছে, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে চিনের আর্থিক বৃদ্ধির হার থমকে দাঁড়িয়েছে মাত্র ৪.৩ শতাংশে। আর এই বেহাল দশার নেপথ্যে রয়েছে খোদ চিনা নাগরিকদের পকেট ফাঁকা হওয়ার গল্প। চিনের অর্থনীতির এই অদ্ভুত বৈপরীত্য স্পষ্ট করে দিয়েছে যে, দেশের ভেতরের চাহিদা তলানিতে ঠেকার কারণেই বেজিংকে এখন পুরোপুরি রফতানি-নির্ভর হয়ে বাঁচতে হচ্ছে।

‘মেরিক্স’ বা মার্কাতোর ইন্সটিটিউট ফর চায়না স্টাডিজ-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, চিনের এই দুরবস্থার অন্যতম কারণ হল স্থায়ী সম্পদে বা ফিক্সড-অ্যাসেট খাতে বিনিয়োগের অভাবনীয় পতন। আবাসন খাতে বিনিয়োগ রেকর্ড ১৮ শতাংশ কমেছে, যা অর্ধবার্ষিকের হিসেবে সর্বকালের তলানি। শুধু কি তাই? রাস্তাঘাট তৈরি, স্বাস্থ্য বা শিক্ষার মতো পরিকাঠামো খাতেও বিনিয়োগে ব্যাপক ভাঁটা। এর সোজা অর্থ হল, চিনের স্থানীয় প্রশাসনগুলোর কোষাগার এখন কার্যত শূন্য। সাধারণ মানুষের কেনাকাটার ক্ষমতা বা আত্মবিশ্বাস এতটাই কমে গিয়েছে যে, জুনে দেশের বাজারে গাড়ি বিক্রি একধাক্কায় ১৬.১ শতাংশ কমে গিয়েছে।

নিজের দেশের অর্থনীতি যখন ধুঁকছে, তখন শি জিনপিংয়ের একমাত্র ভরসা বিদেশের বাজার। জুনে চিনের রফতানি বেড়েছে চোখধাঁধানো ২৭ শতাংশ, আর আমদানি বেড়েছে ৩৬ শতাংশ (ডলার মূল্যের নিরিখে)। হাই-টেক বা অত্যাধুনিক প্রযুক্তির পণ্যের ব্যবসায় চিনের এই বাড়বাড়ন্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কপালের ভাঁজ চওড়া করেছে। সস্তা চিনা পণ্যের এই বিপুল আগ্রাসন রুখতে খোদ জার্মানিও এখন বেজিংয়ের শিল্পনীতির প্রকাশ্য সমালোচনা শুরু করেছে। কিন্তু মেরিক্স-এর প্রতিবেদন বলছে, ইইউ যতই চোখ রাঙাক, বাণিজ্য চুক্তিতে বেজিং একচুলও জমি ছাড়বে না। কারণ দেশের বাজারের যা ছিরি, তাতে রফতানির লাইফ-সাপোর্ট ছাড়া চিনা অর্থনীতির শ্বাসরোধ হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

বেজিং মুখে যতই বলুক যে তারা নাগরিকদের কেনাকাটার ক্ষমতা বাড়াতে বদ্ধপরিকর, বাস্তবে আমূল কাঠামোগত সংস্কার ছাড়া সেটা অসম্ভব। আর সেই সংস্কারের সুফল মিলতে যে ঢের দেরি, তা বিলক্ষণ জানেন বেজিংয়ের অর্থনীতিবিদরা। আপাতত তাই ঘরের রুগ্‌ণ অর্থনীতিকে বিদেশের বাজারের মলম দিয়েই চাঙ্গা রাখার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে ড্রাগনের দেশ।

Leave a Comment

আরও পড়ুন