ঝাড়গ্রাম জেলা পরিষদে বোর্ড গঠন, সভাধিপতি গৌরী তালদি, সহসভাধিপতি পুষ্প নায়ক

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম : রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে ঝাড়গ্রাম জেলা পরিষদে নতুন নেতৃত্ব নির্বাচিত হল। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই বুধবার জেলা পরিষদের সভাধিপতি পদে নির্বাচিত হলেন গৌরী টালদি এবং সহসভাধিপতি পদে নির্বাচিত হলেন পুষ্প নায়ক। কয়েকদিন আগেই অনাস্থা প্রস্তাবে অপসারিত হয়েছিলেন প্রাক্তন সভাধিপতি চিন্ময় মারান্ডি।

জেলা প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ২৯ জুলাই সভাধিপতি ও সহসভাধিপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে দলবদল বা সদস্যদের সঙ্গে যোগাযোগ করে মত পরিবর্তনের সম্ভাবনা এড়াতে শাসক শিবিরের ১৪ জন জেলা পরিষদ সদস্যকে ঝাড়গ্রাম শহরের একটি অতিথিশালায় রাখা হয়েছিল বলে রাজনৈতিক সূত্রের দাবি।

বুধবার সকালেই কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ট্রাভেলার গাড়িতে করে ওই সদস্যরা জেলা পরিষদ ভবনে পৌঁছন। প্রথমে সভাপতি নির্বাচন, পরে সহসভাপতি নির্বাচন এবং সবশেষে সভাধিপতি নির্বাচন সম্পন্ন হয়। শেষ পর্যন্ত সভাধিপতি পদে নির্বাচিত হন গৌরী তালদি এবং সহসভাধিপতি পদে নির্বাচিত হন পুষ্প নায়ক।

ঝাড়গ্রাম জেলা পরিষদের ১৯ জন সদস্যই একসময় তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি ছিলেন। তবে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর তাঁদের মধ্যে উল্লেখযোগ্য অংশ তথাকথিত ‘ভালো তৃণমূল’ শিবিরে যোগ দেন। এই শিবিরের সদস্যরাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রাক্তন সভাধিপতি চিন্ময় মারান্ডির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন।

প্রথমে ১৩ জন সদস্য অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছিলেন। পরে তলবি সভায় আরও এক সদস্য অনাস্থার পক্ষে ভোট দেওয়ায় সমর্থনকারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪-তে। ওই বৈঠকে চিন্ময় মারান্ডি-সহ পাঁচজন সদস্য অনুপস্থিত ছিলেন। ফলে ১৪ সদস্যের সমর্থনেই অনাস্থা প্রস্তাব গৃহীত হয় এবং নতুন নেতৃত্ব নির্বাচনের পথ প্রশস্ত হয়।

নতুন সভাধিপতি ও সহসভাধিপতি নির্বাচনের মধ্য দিয়ে ঝাড়গ্রাম জেলা পরিষদে প্রশাসনিক ও রাজনৈতিক সমীকরণে নতুন অধ্যায়ের সূচনা হল। এখন নজর থাকবে বিভিন্ন কর্মাধ্যক্ষ পদে কারা দায়িত্ব পান এবং নতুন বোর্ড জেলার উন্নয়নমূলক কাজে কীভাবে অগ্রাধিকার নির্ধারণ করে।

Leave a Comment

আরও পড়ুন