ঝাড়গ্রাম: অবৈধ বালি পাচার ও বেআইনি বালি মজুতের বিরুদ্ধে আরও কড়া হচ্ছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে একযোগে শুরু হয়েছে পুলিশ ও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিশেষ অভিযান। এদিন গোপীবল্লভপুর থানা এলাকার আঠাঙ্গী, সাতমা, আসনবনী, সুমিত্রাপুর ও পিন্ডিরাগেড়িয়া এলাকায় থাকা মোট সাতটি বালির স্টক খতিয়ে দেখেন গোপীবল্লভপুর থানার পুলিশ ও ভূমি দপ্তরের কর্মীরা। উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সারফরাজ, গোপীবল্লভপুর থানার আইসি অজয় কুমার সিং-সহ অন্যান্য আধিকারিকরা।ভরা বর্ষায় নদী থেকে বালি উত্তোলনে নিষেধাজ্ঞা কার্যকর থাকলেও সেই নিয়ম মানা হচ্ছে কি না এবং অনুমতির অতিরিক্ত বালি মজুত করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে ঝাড়গ্রাম জেলা জুড়ে শুরু হয়েছে পুলিশ ও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের যৌথ অভিযান।সম্প্রতি ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে নদীপাড়ে চালানের অতিরিক্ত বালির স্টক রয়েছে কি না, তা যাচাই করতে ঝাড়গ্রাম জেলা পুলিশ ও ভূমি ও ভূমি সংস্কার দপ্তর যৌথভাবে জোরদার অভিযান শুরু করেছে। প্রশাসনের অভিযোগ, বর্ষাকালে নদী থেকে বালি উত্তোলনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী নদীপাড়ে অতিরিক্ত বালির মজুত গড়ে তুলছে। সেই অভিযোগের সত্যতা যাচাই করতেই এই অভিযান। এছাড়াও এদিন গোপীবল্লভপুর-২ নম্বর ব্লকের চোরমুন্ডি ও মহাপাল এলাকার সুবর্ণরেখা নদীর পাড়ে থাকা বালির স্টক পরিদর্শন করেন বেলিয়াবেড়া থানার পুলিশ ও ব্লক ভূমি দপ্তরের আধিকারিকরা। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের ডিএসপি (হেডকোয়ার্টার) সমীর অধিকারী, বেলিয়াবেড়া থানার ওসি নিলু মণ্ডল-সহ ব্লক ভূমি দপ্তরের কর্মীরা। তাঁরা সরেজমিনে এলাকা পরিদর্শনের পাশাপাশি ফিতে দিয়ে বালির স্তূপের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মেপে মজুত বালির পরিমাণও যাচাই করেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্ষার মরসুমে নদীগর্ভ থেকে বালি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। তাই নদীতীরবর্তী এলাকায় নিয়মিত নজরদারি চালিয়ে দেখা হচ্ছে কোথাও অবৈধভাবে বালি তোলা হচ্ছে কি না। পাশাপাশি যাঁদের বৈধ অনুমতি রয়েছে, তাঁদের ক্ষেত্রেও নির্ধারিত সীমার অতিরিক্ত বালি মজুত করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, অনুমোদিত পরিমাণের বেশি বালি মজুত বা অন্য কোনও অনিয়ম ধরা পড়লে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ বালি পাচার ও বেআইনি মজুত রুখতে আগামী দিনেও জেলার বিভিন্ন এলাকায় এই ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।









