বিধানসভায় সরব হওয়ায় বিধায়ককে লোধা শবরদের কৃতজ্ঞতা জ্ঞাপন 

ঝাড়গ্রাম: বিধানসভায় পিছিয়ে পড়া লোধা শবর সম্প্রদায়ের অভাব, অভিযোগ ও বিভিন্ন সমস্যা তুলে ধরার জন্য ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউকে বিশেষ কৃতজ্ঞতা জানাল ওই সমাজ। সোমবার, সাতাশে জুলাই ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথা মোড়ে লোধা শবর সমাজের পক্ষ থেকে এক বিশাল ধন্যবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিনের এই মিছিলে সমাজের বহু সাধারণ মানুষ ব্যানার হাতে অংশগ্রহণ করেন এবং বিধায়কের প্রতি তাঁদের আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এই প্রসঙ্গে বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ আবেগপ্রবণ হয়ে জানান, ভগবান রামচন্দ্র স্বয়ং লোধা মাতা শবরীর দেওয়া ফল গ্রহণ করে তাঁদের সমাজের মূল অঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। তিনি আরও আশ্বাস দেন যে, আগামী দিনেও এই প্রান্তিক মানুষের সার্বিক উন্নতি ও অধিকারের কথা তিনি সব মহলে জোরালোভাবে তুলে ধরবেন।

অন্যদিকে, এদিনই রাধানগর কালীনগর এলাকায় মহাসমারোহে ‘ভিবি- রাম জি’ প্রকল্পের অধীনে ১২৫ দিনের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। প্রান্তিক ও স্থানীয় মানুষদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে এবং এলাকার সার্বিক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধনের অঙ্গ হিসেবে সেখানেও একটি তাৎপর্যপূর্ণ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত আধিকারিক, কর্মী ও স্থানীয় বাসিন্দারা মিলে এলাকার নির্দিষ্ট স্থানে বেশ কিছু চারাগাছ রোপণ করেন এবং পরিবেশ রক্ষার অঙ্গীকার নেন। পিছিয়ে পড়া সমাজের অধিকার রক্ষা থেকে শুরু করে স্থানীয়দের কর্মসংস্থান এবং পরিবেশ রক্ষায় সবুজায়নের মতো এই জোড়া পদক্ষেপে স্থানীয় সাধারণ মানুষ অত্যন্ত খুশি।

Leave a Comment

আরও পড়ুন