স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম : সময় পেরিয়েছে প্রায় পাঁচ দশক। কিন্তু জরুরি অবস্থার সেই দিনগুলির স্মৃতি এখনও অমলিন ঝাড়গ্রামের চার বাসিন্দার। গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে আন্দোলনে নেমে কারাবরণ ও নির্যাতনের মুখে পড়েছিলেন তাঁরা। এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান। সরকারি স্বীকৃতি পেতে চলেছেন ঝাড়গ্রামের শ্যামল মহাপাত্র, তারাপদ চক্রবর্তী, সুকুমার সেন এবং হারাধন বেরা।
পশ্চিমবঙ্গ গণতন্ত্র যোদ্ধা সম্মাননা প্রকল্প, ২০২৬-এর অধীনে তাঁদের এই সম্মান দেওয়া হবে। আগামী ৯ অগস্ট নবান্নে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত থেকে তাঁরা সম্মান গ্রহণ করবেন বলে জানা গিয়েছে।
সরকারি প্রকল্প অনুযায়ী, প্রত্যেক গণতন্ত্র-যোদ্ধা আজীবন প্রতি মাসে ১০ হাজার টাকা সম্মানমূল্য পাবেন। পাশাপাশি চিকিৎসার জন্য মাসিক ১ হাজার টাকা সহায়তা, সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধের সুবিধা থাকবে। রাজ্যের রাষ্ট্রায়ত্ত গণপরিবহণেও বিনামূল্যে যাতায়ানের সুযোগ মিলবে। দেওয়া হবে বিশেষ পরিচয়পত্রও। কোনও উপভোক্তার মৃত্যু হলে নির্ধারিত নিয়মে তাঁর স্বামী বা স্ত্রী এই সুবিধা পাবেন।
১৯৭৫ সালে জরুরি অবস্থার বিরুদ্ধে দেশজুড়ে শুরু হওয়া সত্যাগ্রহ আন্দোলনে ঝাড়গ্রাম থেকেও অংশ নিয়েছিলেন শ্যামল মহাপাত্র, তারাপদ চক্রবর্তী ও সুকুমার সেন। নিশ্চিন্তপুরের শ্যামল ও তারাপদ এবং মানিকপাড়ার সুকুমারকে আন্দোলনের সময় গ্রেফতার করা হয়। প্রথমে তাঁদের রাখা হয়েছিল ঝাড়গ্রাম জেলে। পরে পাঠানো হয় মেদিনীপুর সংশোধনাগারে।
শ্যামল মহাপাত্র জানান, আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য চাপ এলেও তাঁরা নিজেদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাননি। তারাপদ চক্রবর্তীর স্মৃতিতে এখনও জেলের দিনগুলি স্পষ্ট। তাঁর দাবি, জেলের অব্যবস্থার প্রতিবাদে অনশন করেছিলেন তিনি। পুলিশের মারধরের ঘটনাও ঘটেছিল বলে জানান তিনি। অন্য দিকে, সুকুমার সেনের মনে এখনও রয়েছে ঝাড়গ্রাম কালেক্টরেট চত্বরে হ্যান্ডবিল বিলি, স্লোগান এবং তার পর গ্রেফতারের স্মৃতি।
তিন জনই জয়প্রকাশ নারায়ণের লোকসংঘর্ষ সমিতির ব্যানারে আন্দোলনে যুক্ত ছিলেন। তাঁরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের স্বয়ংসেবকও ছিলেন।
অন্যদিকে, জরুরি অবস্থা জারির পর কলকাতায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদর দফতরে পৌঁছনোর পর গ্রেফতার হন হারাধন বেরা। দীর্ঘদিন প্রেসিডেন্সি জেলে বন্দি থাকতে হয়েছিল তাঁকে। তাঁর কথায়, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য জেলবন্দি হওয়াকে তাঁরা আন্দোলনেরই অংশ হিসেবে দেখেছিলেন।
ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ বলেন, “জরুরি অবস্থার সময়ে গণতন্ত্র রক্ষার জন্য যাঁরা আন্দোলন করে কারাবরণ করেছিলেন, তাঁদের সরকারি স্বীকৃতি দেওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়।”









