প্যান কার্ড ছাড়াই জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কে দেড় লক্ষেরও বেশি অ্যাকাউন্ট! কর ফাঁকির বড়সড় আশঙ্কায় আয়কর দফতর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গত তিন বছরে প্যান (প্যান কার্ড) তথ্য ছাড়াই জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কে (জে অ্যান্ড কে ব্যাঙ্ক) খোলা হয়েছে প্রায় ১ লক্ষ ৫৪ হাজার অ্যাকাউন্ট। আর সেই সমস্ত অ্যাকাউন্টে বিপুল অঙ্কের লেনদেন ঘিরে বড়সড় কর ফাঁকির আশঙ্কা প্রকাশ করল আয়কর দফতর। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক রিতু সারিনের একটি তদন্তমূলক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কে খোলা ওই ১ লক্ষ ৫৪ হাজার অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ডের কোনও তথ্য যুক্ত করা হয়নি। এই ধরনের অ্যাকাউন্টগুলিতে এক আর্থিক বছরে ১৫ লক্ষ বা তার বেশি টাকার লেনদেন হয়েছে এবং সব মিলিয়ে মোট জমা টাকার পরিমাণ প্রায় ৪ লক্ষ ৮৮ হাজার কোটি টাকা। গত বছরের শেষের দিকে জমা দেওয়া চূড়ান্ত রিপোর্টে আয়কর দফতর এই ঘটনাকে ব্যাঙ্কিং ব্যবস্থার একটি পদ্ধতিগত ত্রুটি বা ‘সিস্টেমিক ফেলিওর’ এবং গুরুত্বপূর্ণ বিপদসংকেত বা ‘সিগনিফিক্যান্ট রেড ফ্ল্যাগ’ বলে উল্লেখ করেছে। তারা সতর্ক করে জানিয়েছে যে, প্যানবিহীন এই অ্যাকাউন্টগুলিতে বিপুল পরিমাণ লেনদেন মূলত কর ফাঁকির একটি বিশাল পথ খুলে দিয়েছে।

আয়কর দফতরের নজরে থাকা অ্যাকাউন্টগুলির মধ্যে মূলত রয়েছে:

৩২,৪৯৮টি সরকারি স্কিমের সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট, যার মধ্যে স্বনির্ভর গোষ্ঠী এবং ক্লাস্টার লেভেল ফেডারেশনের সদস্যদের অ্যাকাউন্টও রয়েছে। এই অ্যাকাউন্টগুলিতে মোট ৪ লক্ষ ৬৮ হাজার ৫০৮ কোটি টাকা ক্রেডিট হয়েছে।

১ লক্ষ ২৫ হাজার ব্যক্তিগত বা বেসরকারি অ্যাকাউন্ট, যেখানে মোট ৩৬,৭৮৯ কোটি টাকা জমা পড়েছে।

১০,৪৬৪টি বেসরকারি অ্যাকাউন্টে এক আর্থিক বছরে ৫০ লক্ষ বা তার বেশি টাকা জমা পড়েছে। এর মধ্যে ৫৬৬টি অ্যাকাউন্ট এমন ৫১০ জন ব্যক্তির, যাঁদের প্যান কার্ড থাকলেও অ্যাকাউন্ট খোলার সময় তাঁরা ব্যাঙ্কে সেই তথ্য জমা দেননি।

আয়কর দফতর জানিয়েছে, প্যানবিহীন এই অ্যাকাউন্টগুলি মূলত ‘ফর্ম ৬০’ পূরণ করে খোলা হয়েছিল। তদন্তে বেশ কিছু মারাত্মক অসঙ্গতি ধরা পড়েছে। যেমন, ২০২৩-২৪ আর্থিক বছরে প্যানবিহীন একটি অ্যাকাউন্টে ৪ কোটি ৫ লক্ষ টাকা জমা পড়েছে, অথচ সেই অ্যাকাউন্টহোল্ডার তাঁর আয়কর রিটার্নে মোট আয় দেখিয়েছেন মাত্র ৩ লক্ষ ২২ হাজার টাকা। অন্য একটি ক্ষেত্রে একটি পরিকাঠামো নির্মাণকারী সংস্থা তাদের অ্যাকাউন্টে ৫৭ কোটি ৮৮ লক্ষ টাকা জমা করলেও আয়কর রিটার্নে মাত্র ৩৮ কোটি ৪৯ লক্ষ টাকার হিসাব দেখিয়েছে।

এই বিষয়ে ব্যাঙ্কের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে যে, তারা ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বা আরবিআই-এর সঙ্গে একটি বৈঠক করেছে এবং একটি বিস্তৃত রিপোর্ট জমা দিয়েছে। বর্তমানে কারেন্ট অ্যাকাউন্ট-সহ বেশিরভাগ ক্ষেত্রেই প্যান যুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে বলেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে। যদিও ব্যাঙ্কের ২ কোটিরও বেশি মোট অ্যাকাউন্টের মধ্যে প্যানবিহীন এই অ্যাকাউন্টগুলির হার ১ শতাংশেরও কম, তবুও এত বিপুল টাকার লেনদেন আয়কর বিভাগের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

Leave a Comment

আরও পড়ুন