প্রথমবার সমুদ্রপথে কানাডায় রফতানি হল বিহারের মাখানা, কৃষকদের আয় বাড়াতে বড় উদ্যোগ

দ্বারভাঙা: বিহারের কৃষিজাত পণ্যের বিশ্বায়নে এক ঐতিহাসিক পদক্ষেপ করল ‘কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষ’ (আপেডা)। এই প্রথমবার বিহার থেকে সমুদ্রপথে ফ্লেভারড মাখানা রফতানি করা হল সুদূর কানাডায়। গত ২৯ জুলাই বিহারের দ্বারভাঙা থেকে মোট ৭ মেট্রিক টন মাখানাবোঝাই দুটি কন্টেনারের যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। আন্তর্জাতিক মান ও খাদ্য সুরক্ষার নিয়ম মেনে এই ফ্লেভারড মাখানাগুলি প্রক্রিয়াজাত ও প্যাকেজিং করেছে নিউট্রিভিন অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড, যা গুজরাটের মুন্দ্রা বন্দর হয়ে কানাডার জেডকেভি ফুডস-এর কাছে পৌঁছবে।

এদিনের অনুষ্ঠানে এই যাত্রার সূচনা করেন আপেডার চেয়ারম্যান অভিষেক দেব। তিনি জানান, রফতানিকারক, প্রক্রিয়াজাতকারী সংস্থা, কৃষক এবং আপেডার যৌথ প্রচেষ্টায় বিহারের কৃষিজাত পণ্যের ইকোসিস্টেম আরও শক্তিশালী হয়েছে এবং বিশ্ববাজারে রাজ্যের নিজস্ব পণ্যের প্রসার বাড়ছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিএআর গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী ড. মনোজ কুমার, জেলা কৃষি বিপণন আধিকারিক লোকনাথ ঠাকুর-সহ সংশ্লিষ্ট ক্ষেত্রের অন্যান্যরা। উল্লেখ্য, ভারতে সবচেয়ে বেশি মাখানা উৎপাদিত হয় বিহারে। পুষ্টিকর এবং স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বিশ্বজুড়ে এই স্ন্যাকসটির চাহিদা ক্রমশ বাড়ছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

বাণিজ্য ও শিল্প মন্ত্রকের মতে, সঠিক প্রক্রিয়াজাতকরণ ও ব্র্যান্ডিংয়ের মাধ্যমে এই মাখানা রফতানির ফলে কৃষকরা আগের তুলনায় ৫০ শতাংশেরও বেশি লাভ পাচ্ছেন। ভারতের কৃষিজাত পণ্যকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলতেই সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে বিহারকে একটি প্রধান কৃষি-রফতানি হাব বা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পরিকাঠামোর উন্নয়ন, গুণমান বজায় রাখা এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যে রাজ্য সরকার, কৃষক উৎপাদক সংগঠন এবং অন্যান্য সংস্থাগুলির সঙ্গে একযোগে কাজ চালিয়ে যাচ্ছে আপেডা।

Leave a Comment

আরও পড়ুন