বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রার উপস্থিতিতে বিসিসিআইয়ের বোলিং ক্যাম্পে যোগ দেওয়ার সুযোগ যখন এসেছিল, তখন তিনি বায়ো-সায়েন্সের ছাত্র হিসেবে দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত। বাবা পেশায় সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক। তাঁর স্পষ্ট কথা ছিল— পড়ালেখা ভেস্তে দিয়ে ক্রিকেটের পিছনে সময় নষ্ট করা চলবে না। কিন্তু শেষ পর্যন্ত বন্ধুর জোড়াজুড়িতে হার মেনেছিলেন বাবা। আর সেই সিদ্ধান্তের পথ ধরেই আজ ভারতীয় টেস্ট ক্রিকেট দলের দরজা খুলে গেল আকিব নবির জন্য। জসপ্রীত বুমরা চোট পেয়ে ছিটকে যাওয়ার পর আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য জম্বু ও কাশ্মীরের এই ডানহাতি পেসারকে প্রথমবার জাতীয় টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। জম্বু ও কাশ্মীর থেকে ভারতের টেস্ট দলে সুযোগ পাওয়া তিনিই প্রথম ক্রিকেটার।
বারামুলার ৮ কিলোমিটার দূরের এক অজ পাড়াগাঁ শিরির বাসিন্দা আকিবের এই নাটকীয় ক্রিকেটযাত্রার পেছনে সবচেয়ে বড় অবদান তাঁর জীবনের প্রথম ক্লাব অধিনায়ক তথা ঘনিষ্ঠ বন্ধু জুবায়ের দারের। সেই দিনগুলির কথা স্মরণ করে জুবায়ের জানান, ম্যাকগ্রার কাছে বোলিং প্রশিক্ষণ নেওয়ার সুযোগ থাকলেও আকিবের বাবা কিছুতেই ছেলেকে ক্যাম্পের জন্য চেন্নাই পাঠাতে রাজি হচ্ছিলেন না। তিনি চেয়েছিলেন ছেলে নিট পরীক্ষার প্রস্তুতি নিক। কিন্তু জুবায়ের তাঁকে বুঝিয়ে রাজি করান। অনুমতি পেলেও বিসিসিআই আয়োজিত ট্রেনে যাতায়াতের বদলে শিক্ষক বাবা নিজের জমানো ১০ হাজার টাকা খরচ করে ছেলেকে বিমানে চেন্নাই পাঠান, যাতে পরীক্ষা ও ক্রিকেট দুটোই সামলানো যায়।
আকিবের সারল্যের একাধিক মজার গল্প শুনিয়েছেন জুবায়ের। তিনি জানান, যখন ১৪ বছর বয়সে আকিব প্রথম বারামুলা ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমে একাই লড়াই করেছিলেন, তখন ক্লাবে যোগ দেওয়ার প্রস্তাব দিতেই নিরীহ আকিব প্রশ্ন করেছিলেন, ‘দাদা, ক্লাবে খেলতে কি আমায় টাকা দিতে হবে?’ শুধু তা-ই নয়, প্রথম বার শ্রীনগরের শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে ট্রাফ উইকেটে বল করতে নেমে স্পাইক জুতোর অভাবে পিচেই পিছলে পড়ে গিয়েছিলেন তিনি। ক্রিকেট জুতোর বিষয়ে সাধারণ ধারণাটুকুও ছিল না তাঁর। অন্য প্রান্তের এক সিনিয়র বোলারের জুতো অদলবদল করে সেদিন নিজের ওভার শেষ করতে হয়েছিল আকিবকে। এমনকি জম্বু ও কাশ্মীর ক্রিকেট সংস্থার দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর ক্যাম্পেই একই দিনে ট্রায়াল দিয়ে এসেছিলেন এই সহজ-সরল পেসার।
পরবর্তীকালে জম্বু ও কাশ্মীরের প্রাক্তন অধিনায়ক পারভেজ রসুল এবং ভারতের প্রাক্তন তারকা অলরাউন্ডার ইরফান পাঠানের থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে বিপুল সাহায্য পান আকিব। তবে এত সাফল্য ও কোটি টাকার আইপিএল চুক্তি পাওয়ার পরও আকিবের স্বভাবের কোনো পরিবর্তন হয়নি বলে জানান তাঁর বন্ধু জুবায়ের। আফগানিস্তান সিরিজের সময় দলে সুযোগ না পেয়েও আকিব অত্যন্ত ইতিবাচক মনোভাব নিয়ে বলেছিলেন, ‘যারা সুযোগ পেয়েছে তারা যোগ্য, আমিও সুযোগ পাব।’ সব বাধা পেরিয়ে এখন সেই ইতিবাচক মানসিকতাই তাঁকে পৌঁছে দিল ভারতীয় টেস্ট দলের অভিজাত আঙিনায়।









