বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: ২০১৯ সালের আগস্ট মাসে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর থেকে জম্মু ও কাশ্মীরে ক্রীড়াকাঠামোর উন্নয়ন, খেলোয়াড়দের অংশগ্রহণ এবং উদীয়মান অ্যাথলেটের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে এক অভূতপূর্ব পরিবর্তন প্রত্যক্ষ করা যাচ্ছে। সমগ্র কেন্দ্রশাসিত অঞ্চল জুড়েই উন্নত প্রশিক্ষণ কেন্দ্র, কোচিং প্রোগ্রাম এবং প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের পরিধি বৃদ্ধি পাওয়ার ফলে তরুণ প্রজন্ম, বিশেষ করে তরুণীরা এখন ক্রীড়াজগৎকে কেবল শখ নয়, বরং পেশা হিসেবে বেছে নিতে উৎসাহী হচ্ছেন। এই নতুন ক্রীড়া সংস্কৃতির আবহে উপত্যকায় ক্যারেটে ও তাইকোন্দোর মতো মার্শাল আর্ট ও কমব্যাট স্পোর্টসের জনপ্রিয়তা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। শ্রীনগরের আল-জাওয়াদ স্পোর্টস অ্যাকাডেমির মতো বিভিন্ন কেন্দ্রগুলিতে বর্তমানে বহু সংখ্যক তরুণী পেশাদার তাইকোন্দো প্রশিক্ষণ নিচ্ছেন, যাতে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে জম্মু ও কাশ্মীর তথা ভারতের প্রতিনিধিত্ব করা যায়।
অ্যাকাডেমির প্রক্ষিক্ষণার্থী সেহর ও সদফ রেহমানের মতে, আজকের সামাজিক প্রেক্ষাপটে মেয়েদের জন্য আত্মরক্ষা শিক্ষা অত্যন্ত জরুরি। পঞ্চিং, ব্লকিং এবং কন্ডিশনিংয়ের কঠোর মহড়ার মাধ্যমে তারা নিজেদের শারীরিক শক্তি ও মানসিক আত্মবিশ্বাস গড়ে তুলছেন। প্রশিক্ষক সুজাত শাহের অধীনে নিয়মিত কঠোর অনুশীলনের মাধ্যমে এই তরুণীরা আন্তর্জাতিক স্তরে ভারতের পতাকা ওড়ানোর স্বপ্ন দেখার পাশাপাশি ভবিষ্যতে প্রশিক্ষক হিসেবেও নিজেদের ক্যারিয়ার গড়ার সুযোগ পাচ্ছেন। এর পাশাপাশি উপত্যকার অ্যাথলেটরা আন্তর্জাতিক মঞ্চেও নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখতে শুরু করেছেন। গত ১ আগস্ট বুলগেরিয়ার বুর্গাসে আয়োজিত ‘ব্রেভ সিএফ ১০৭’ প্রতিযোগিতায় স্থানীয় বুলগেরিয়ান ফাইটার দেলিয়ান জর্জিয়েভকে প্রথম রাউন্ডেই টেকনিক্যাল নকআউটে (টিকেও) হারিয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় জয় হাসিল করেছেন কাশ্মীরের মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) যোদ্ধা ওয়াইস ইয়াকুব। বিদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকা কাঁধে নিয়ে লড়াই করার এই সাফল্য উপত্যকার নতুন প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা হয়ে উঠেছে, যা জম্মু ও কাশ্মীরকে কমব্যাট স্পোর্টসের একটি অন্যতম সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে গড়ে তুলছে।









