বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: দেশীয় খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বৃদ্ধি, আমদানির ওপর নির্ভরশীলতা হ্রাস এবং দীর্ঘমেয়াদি শক্তি নিরাপত্তা সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে ‘সমুদ্র মন্থন – ন্যাশনাল অফশোর এক্সপ্লোরেশন স্কিম’ নামে এক ঐতিহাসিক ও যুগান্তকারী জাতীয় মিশনের অনুমোদন দিল কেন্দ্র। গত ৩১ জুলাই ২০২৬ তারিখে অনুমোদিত এই ফ্ল্যাগশিপ স্কিমটির প্রথম পর্যায়ের জন্য ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত মোট ৮৪,০৮৪ কোটি টাকা আর্থিক বরাদ্দ করা হয়েছে। ভারতের বিস্তীর্ণ সামুদ্রিক হাইড্রোকার্বন সম্পদকে আধুনিক প্রযুক্তি, গভীর সমুদ্রের ড্রিলিং এবং যৌথ পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে কাজে লাগাতে এই মহা-উদ্যোগ নেওয়া হয়েছে। এই মিশনের মূল লক্ষ্য হলো দেশের জাতীয় সঞ্চিত হাইড্রোকার্বন ভাণ্ডারে প্রায় ৬০০ মিলিয়ন মেট্রিক টন তেল সমতুল্য সম্পদ যুক্ত করা, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘মেক ইন ইন্ডিয়া’ রূপকল্পের সঙ্গে সঙ্গতি রেখে আন্তর্জাতিক মানের এক স্বাবলম্বী শক্তি ব্যবস্থা গড়ে তুলবে।
বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে ভারতের খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর ভারতকে অশোধিত তেল আমদানির জন্য প্রায় ১৪৪ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৩ লক্ষ কোটি টাকা খরচ করতে হয়, যা দেশের অর্থনীতির ওপর এক বিরাট চাপ। বর্তমানে অনশোর বা ভূভাগের অনুসন্ধান সম্পন্ন হলেও দেশের প্রায় ৫,৬০০ মিলিয়ন মেট্রিক টনেরও বেশি খনিজ সম্পদ সামুদ্রিক অববাহিকায় অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। বঙ্গোপসাগর ও আরব সাগরের ৩,০০০ মিটার পর্যন্ত গভীর তলদেশে এই বিপুল সম্পদের সম্ভাবনা রয়েছে, যার ইঙ্গিত সম্প্রতি কাবেরী, মহানদী ও আন্দামান অববাহিকার আবিষ্কারগুলিতে মিলেছে। তবে সামুদ্রিক বা ডিপওয়াটার ড্রিলিং অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ, যেখানে একটি মাত্র অনুসন্ধানমূলক কূপ খনন করতে ১২৫ থেকে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়। ‘সমুদ্র মন্থন’ মিশন আর্থিক ঝুঁকি ভাগ করে নেওয়ার মাধ্যমে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের সংস্থাকেই এই কাজে উৎসাহিত করবে।
এই বিশাল মিশনটি মূলত চারটি প্রধান ভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে। প্রথমত, ২ডি ও ৩ডি সিসমিক সমীক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে উপাত্ত বিশ্লেষণের জন্য ২৮,৫৩৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দ্বিতীয়ত, গভীর ও অতি-গভীর সমুদ্রে ৬০টি অনুসন্ধানমূলক কূপ খননের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৩,২০০ কোটি টাকা, যেখানে প্রতি কূপের খনন খরচের ৫০ শতাংশ বা সর্বোচ্চ ৬৭৫ কোটি টাকা পর্যন্ত সরকারি আর্থিক সহায়তা মিলবে। তৃতীয়ত, মহানদী ও কচ্ছের মতো জটিল অঞ্চলে ব্যক্তিগত খরচ কমাতে ১০,০০০ কোটি টাকা ব্যয়ে একটি যৌথ সামুদ্রিক পরিকাঠামো (কমন অফশোর পরিকাঠামো) গড়ে তোলা হবে। এবং চতুর্থত, যন্ত্রাংশের আমদানি কমাতে ও দেশীয় উৎপাদন ক্ষেত্রকে শক্তিশালী করতে ২,০০০ কোটি টাকা ব্যয়ে ‘অয়েল অ্যান্ড গ্যাস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিসেস জোন’ গড়ে তোলা হবে।
সরকারের আশা, এই পদক্ষেপের ফলে ভারতের খনিজ তেলের মোট সম্পদ ১.৬ বিলিয়ন টন থেকে বৃদ্ধি পেয়ে ২.২ বিলিয়ন তনে পৌঁছাবে। বার্ষিক হাইড্রোকার্বন উৎপাদন ৬২ এমএমটিওই থেকে বেড়ে ৮০ এমএমটিওই পর্যন্ত পৌঁছাতে পারে, যা দেশের বার্ষিক তেল আমদানি খরচ প্রায় ১ লক্ষ কোটি টাকা কমিয়ে দেবে। গত ২৫ জুলাই ২০২৬ তারিখে মহানদী অফশোর অববাহিকায় প্রথম ইভাল্যুয়েশন কূপ খননের মাধ্যমে এই ঐতিহাসিক অভিযানের সূচনা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ২০১৬ সালের ‘হেল্প’ নীতি, ওপেন একরেজ লাইসেন্সিং এবং ২০২৫ সালের খনিজ তেল আইনের সংশোধনের ধারাবাহিকতায় এই ‘সমুদ্র মন্থন’ মিশন ভারতের শক্তিক্ষেত্রে আত্মনির্ভরতার এক নতুন অধ্যায় সূচনা করল।









