বিশেষ সংবাদদাতা, ওয়াশিংটন: সৌরজগতের দূরতম গ্রহ নেপচুনকে ঘিরে কোটি কোটি বছর আগে ঘটে যাওয়া এক মহাজাগতিক ধ্বংসলীলার অভূতপূর্ব প্রমাণ তুলে ধরল মহাকাশে থাকা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। বিজ্ঞানীদের সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে, প্লুটোর আকৃতির এক বহিরাগত মহাজাগতিক বস্তুর তীব্র অভিঘাতে নেপচুনের অভ্যন্তরীণ উপগ্রহগুলো এক ধ্বংসাত্মক সংঘর্ষের মুখোমুখি হয়েছিল। ‘সাইন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় জেমস ওয়েব টেলিস্কোপের সাহায্যে নেপচুনের তিনটি ছোট অভ্যন্তরীণ উপগ্রহ— প্রোটিয়াস, ল্যারিসা ও গ্যালাটিয়া এবং এর ভেতরের ধূলিময় বলয়গুলির উপাদান বিশ্লেষণ করে কাদা জাতীয় খনিজের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। সাধারণতঃ এই ধরনের ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খনিজ মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী গ্রহাণু বলয়ে থাকা বামন গ্রহ ‘সেরেস’ এবং কিছু উল্কাপিণ্ডে দেখতে পাওয়া যায়।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ডিয়েগোর গ্রহ-বিজ্ঞানী এবং এই গবেষণার প্রধান গবেষক রাইলি ডেভিসের মতে, এই ধরনের খনিজ তৈরি হতে জলীয় তরল ও শিলার দীর্ঘকালীন সংস্পর্শের প্রয়োজন হয়। কিন্তু নেপচুনের এই ছোট উপগ্রহগুলি অত্যন্ত শীতল ও ক্ষুদ্র হওয়ায় সেখানে এই রাসায়নিক বিক্রিয়া হওয়া সম্ভব নয়। ফলে এই কাদা জাতীয় উপাদানগুলো অন্য কোনো প্রাচীন ও বিশাল জগতের গভীরে তৈরি হয়েছিল, যা কোনো এক প্রলয়ঙ্করি সংঘাত বা বিপর্যয়ে চূর্ণ-বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে সেই ধ্বংসাবশেষ থেকেই বর্তমানের ছোট উপগ্রহ ও বলয়গুলোর পুনর্গঠন ঘটে। বিজ্ঞানীদের মতে, এই ধ্বংসলীলার মূল অপরাধী হলো নেপচুনের বর্তমানের সবচেয়ে বড় উপগ্রহ ‘ট্রাইটন’, যা মূলত সৌরজগতের কাইপার বেল্ট অঞ্চলের বাসিন্দা ছিল এবং প্রায় ৪৫০ কোটি বছর আগে নেপচুনের শক্তিশালী অভিকর্ষ বলের কারণে গ্রহটির কক্ষপথে বন্দি হয়ে পড়ে।
ট্রাইটন বন্দি হওয়ার পর এর তীব্র মহাকর্ষীয় টানে নেপচুনের আদি উপগ্রহগুলোর কক্ষপথে বিশৃঙ্খলা তৈরি হয় এবং সেগুলি একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে ধ্বংস হয়ে যায়। সেই প্রলয়ঙ্করি ধ্বংসাবশেষ থেকেই উৎপত্তি হয় নেপচুনের বর্তমানের অভ্যন্তরীণ উপগ্রহগুলির। সৌরজগতে ট্রাইটনই একমাত্র বড় উপগ্রহ যা নিজের গ্রহের ঘূর্ণনের বিপরীত দিকে ঘোরে, যা প্রমাণ করে যে এটি নেপচুনের নিজস্ব উপগ্রহ হিসেবে গড়ে ওঠেনি, বরং বাইরে থেকে বন্দি হয়েছিল। পুরো নেপচুন উপগ্রহ ব্যবস্থার ৯৯ শতাংশের বেশি ভর জুড়ে রয়েছে এই ট্রাইটন। নেপচুনের ১৬টি পরিচিত উপগ্রহের মধ্যে একদম বাইরের দিকে থাকা ‘নেরিড’ নামক উপগ্রহটিই সম্ভবত সেই প্রাচীন বিপর্যয় এড়িয়ে টিকে থাকা একমাত্র মূল উপগ্রহ। এই আবিষ্কার সৌরজগতের আদি ইতিহাস কতটা হিংস্র ও সংঘর্ষময় ছিল, তা আরও একবার বিশ্বমঞ্চে প্রমাণ করল।









