উত্তরপূর্বের বন্যা পরিস্থিতি ও স্বাস্থ্য পরিষেবা পর্যালোচনায় তিন দিনের সফরে জে পি নাড্ডা

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: উত্তরপূর্বের বন্যাপ্লাবিত রাজ্যগুলিতে স্বাস্থ্য পরিষেবা, ত্রাণ কার্য এবং পুনর্বাসন প্রক্রিয়া খতিয়ে দেখতে মঙ্গলবার থেকে তিন দিনের সফরে অসম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ সফর শুরু করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা। ৪ থেকে ৬ আগস্ট পর্যন্ত আয়োজিত এই সফরে বন্যাকবলিত অঞ্চলগুলির পাশাপাশি আকস্মিক বন্যা ও মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং ত্রাণ শিবিরের পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী।

মঙ্গলবারই অসমের ডিব্রুগড়ে এসে পৌঁছান জে পি নাড্ডা। আগামী ৫ আগস্ট তিনি শিবসাগর ও চরাইদেও জেলার প্লাবিত গ্রামগুলি পরিদর্শন করবেন, যেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলার পাশাপাশি বাড়িঘর ও ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখবেন। এরপর তিনি নাগাল্যান্ডের মন জেলার ডিফেন্স কলোনি ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি এবং ত্রাণকার্য পরিদর্শন করতে যাবেন। সেখান থেকে ডিব্রুগড়ে ফিরে অসম সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসে ত্রাণ, পুনর্বাসন এবং স্বাস্থ্য সংক্রান্ত পদক্ষেপের পর্যালোচনা করবেন তিনি। সফরের শেষ দিন অর্থাৎ ৬ আগস্ট অরুণাচল প্রদেশের কেই প্যানিয়র জেলার ইয়াজালিতে মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও ব্রিজের অবস্থা পরিদর্শন করবেন এবং স্থানীয় উদ্ধার শিবিরের আবাসিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফর শেষে অরুণাচল প্রদেশ সরকারের কর্তাদের সঙ্গেও বৈঠক করে স্বাস্থ্য ব্যবস্থা ও পুনর্বাসনের অগ্রগতির খতিয়ান নেবেন মন্ত্রী। এই সফর প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, উত্তরপূর্বাঞ্চলের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে কেন্দ্র যে প্রতিশ্রুতিবদ্ধ, এই পরিদর্শনের মাধ্যমে তা আরও একবার স্পষ্ট হলো।

Leave a Comment

আরও পড়ুন