জুলাই মাসে ভারতীয় রেলের পণ্য পরিবহনে ৯ শতাংশ বৃদ্ধি, পরিবাহিত ১৪১ মিলিয়ন টন পণ্য

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: অর্থনীতি, শিল্প ও কৃষিক্ষেত্রে বাড়তি চাহিদা এবং নিজস্ব কার্যদক্ষতা বৃদ্ধির ওপর ভর করে ২০২৬ সালের জুলাই মাসে পণ্য পরিবহনে (ফ্রেইট লোডিং) বার্ষিক ৯ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত করল ভারতীয় রেল। গত বছরের জুলাই মাসে যেখানে ১২৯.৭ মিলিয়ন টন পণ্য পরিবাহিত হয়েছিল, সেখানে চলতি বছরের জুলাইয়ে পরিবহনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৪১.৩ মিলিয়ন টন। রেল মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের শিল্প, কৃষি ও শক্তি সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্যগুলির লোডিং উল্লেখযোগ্যভাবে বাড়ার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।

মন্ত্রক সূত্রে জানা গেছে, পরিবাহিত পণ্যগুলির মধ্যে লৌহ আকরিকের লোডিংয়ে সবচেয়ে বেশি অর্থাৎ ২২.২ শতাংশ বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। এছাড়া সারের লোডিং ১২ শতাংশ, খাদ্যশস্য ও কয়লা উভয়ের লোডিং ১১.৫ শতাংশ এবং অন্যান্য সাধারণ পণ্যের লোডিং ১২.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গ্রীষ্মকালে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহের ক্ষেত্রে বিশেষ জোর দিয়েছিল রেলওয়েজ। গত বছরের জুলাইয়ের তুলনায় চলতি বছরে বিদ্যুৎ কেন্দ্রগুলিতে দেশীয় কয়লা সরবরাহ এক লাফে ২০ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে, যা জাতীয় শক্তি নিরাপত্তাকে বড় স্বস্তি দিয়েছে।

পণ্য পরিবহন বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে রেলের রাজস্ব আদায়ে। ২০২৫ সালের জুলাইয়ের তুলনায় চলতি বছরের জুলাই মাসে পণ্য পরিবহন থেকে রেলের আয় ১,১৩৭ কোটি টাকা বেড়েছে, যা শতকরা হিসাবে ৮ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। বিভিন্ন রেলওয়ে জোনের মধ্যে পূর্ব মধ্য রেল (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) এবং পূর্ব রেল (ইস্টার্ন রেলওয়ে) পণ্য রাজস্ব আদায়ে সর্বোচ্চ ৩৩ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত করেছে। এর পাশাপাশি পশ্চিম মধ্য রেল ২৩ শতাংশ এবং দক্ষিণ পূর্ব রেল ১০.৩৩ শতাংশ আয় বৃদ্ধি করেছে।

পণ্য পরিবহনের পাশাপাশি যাত্রী চলাচলেও ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। ২০২৫ সালের জুলাই মাসে যেখানে ৬২.১৯ কোটি মানুষ ট্রেনে সফর করেছিলেন, সেখানে ২০২৬ সালের জুলাই মাসে যাত্রী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩.৩৫ কোটি। শহরতলি এবং দূরপাল্লার— উভয় ট্রেন পরিষেবাতেই এই যাত্রী বৃদ্ধি চোখে পড়েছে, যা দৈনন্দিন যাতায়াত এবং দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে রেলপথের ওপর সাধারণ মানুষের ক্রমবর্ধমান নির্ভরযোগ্যতাকেই তুলে ধরে। পারিকাঠামোগত উন্নয়ন, লজিস্টিকস জোরদার করা এবং গ্রাহককেন্দ্রিক পরিষেবার কারণেই জাতীয় অর্থনীতি ও দেশের সাধারণ মানুষের গতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ভারতীয় রেল।

Leave a Comment

আরও পড়ুন