বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: দেশের দুগ্ধ পরিকাঠামো সম্প্রসারণ, দেশীয় প্রজাতির গবাদি পশুর বংশবৃদ্ধি, গবাদি পশু পালন সংক্রান্ত উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং পশুদের মারণ ব্যাধি মোকাবিলার প্রস্তুতি জোরদার করতে একাধিক বড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র। মঙ্গলবার লোকসভায় এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ প্রক্রিয়াকরণ মন্ত্রী রাজীব রঞ্জন সিং জানান, ডেইরি সমবায় ও বেসরকারি দুগ্ধ খামারগুলি বাজারের ওপর নির্ভর করেই দুধ সংগ্রহের দাম নির্ধারণ করে। দুধের ক্রয়মূল্য ও খুচরো বিক্রয়মূল্যের মধ্যে ফারাকের কারণে খামারিরা বঞ্চিত হচ্ছেন— এমন কোনো খবর মন্ত্রকের কাছে আসেনি।
সরকারি তথ্য অনুযায়ী, ‘জাতীয় দুগ্ধ উন্নয়ন প্রকল্প’ বা এনপিডিডি-র অধীনে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত দেশের গ্রামগুলোতে ৩৬,৬১১টি নতুন দুগ্ধ সমবায় সমিতি গঠন করা হয়েছে এবং ৩৪,৫৫৭টি পুরোনো সমিতিকে পুনরুজ্জীবিত করা হয়েছে। এর ফলে প্রতিদিন প্রায় ১৬৮ লক্ষ লিটার দুধ ঠান্ডা বা চিলিং করার ক্ষমতা তৈরি হয়েছে এবং খামারিদের ৭৬,৭৪৮টি গুণমান পরীক্ষা করার যন্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া ‘অ্যানিম্যাল হাসবেন্ড্রি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড’-এর অধীনে প্রতিদিন ৪১৮ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ ও নতুন দুগ্ধজাত পণ্য তৈরির প্রকল্প মঞ্জুর করা হয়েছে। দেশীয় গবাদি পশুর জিনগত মান উন্নত করতে এবং উৎপাদনশীলতা বাড়াতে ‘জাতীয় গোকুল মিশন’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই মিশনের অধীনে গত পাঁচ বছরে দেশজুড়ে ১৭.২৭ কোটিরও বেশি কৃত্রিম প্রজনন ঘটানো হয়েছে, যা দেশের প্রায় ৫.৯৮ কোটি গবাদি পশু পালনকারী কৃষককে সরাসরি উপকৃত করেছে। প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৪৭,৬৮৭ জন মৈত্রী (এমএআইটিআরআই) কর্মীকে, গড়ে তোলা হয়েছে ২৪টি আইভিএফ গবেষণাগার এবং ২৮টি হেইফার রিয়ারিং সেন্টার।
পাশাপাশি গবাদি পশুর স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ব্যবস্থা সুদৃঢ় করতে ‘জাতীয় পশুপালন মিশন’-এর অধীনে ৪,২৮৯টি উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্র। এর ফলে ২১,০০০ প্রত্যক্ষ কর্মসংস্থান তৈরি হওয়ার পাশাপাশি প্রায় ৯১,০০০ খামারি পরোক্ষভাবে সুবিধা পাবেন। খুররোগ, ব্রুসেলোসিস, পিপিআর এবং সোয়াইন ফিভারের মতো সংক্রামক ব্যাধি রোধে টিকাকরণ কর্মসূচি জোরদার করা হয়েছে। এমনকি জুনোটিক বা গবাদি পশু থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়া ছোঁয়াচে রোগের প্রাদুর্ভাব সামলাতে গত ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত মধ্যপ্রদেশে ‘পশুজন্য যুদ্ধ অভ্যাস’ নামের একটি জাতীয় স্তরের মহড়াও সম্পন্ন করেছে কেন্দ্র। রোগ নজরদারি, ল্যাবরেটরি শক্তিশালীকরণ এবং সংকটাপন্ন পরিস্থিতি মোকাবিলার মাধ্যমে রাজ্যগুলিকে সব ধরনের সহায়তা বজায় রাখছে কেন্দ্রীয় পশুপালন দপ্তর।









