স্মার্টফোন বা বিলাসবহুল গাড়ির খেয়ালিপনা? স্কোর্পিওতে পিঠব্যথার অজুহাতে ইনোভা কেনার সিবিএমসি প্রস্তাবকে খেলনা গাড়ি পাঠিয়ে কটাক্ষ

মুম্বই: সরকারি গাড়ির আরাম-আয়েশ নিয়ে চরম বিড়ম্বনায় মুম্বই পুরসভা বা বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। কিছুদিন আগেই পুরসভার কর্তাদের চলাচলের জন্য প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের স্কোর্পিও এসইউভি কেনা হয়েছিল। কিন্তু সেই গাড়ির ঝাঁকুনিতে নাকি কর্তাদের পিঠে চরম ব্যথা হচ্ছে! এই বাহানায় এক লাফেই আরও বেশি দামী, প্রায় ২৩ লক্ষ টাকা মূল্যের ইনোভা ক্রিস্টা কেনার প্রস্তাব পেশ করেছে বিএমসি। আর তাতেই শোরগোল শুরু হয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে। বিএমসি কর্তাদের এই বিলাসবহুল চাহিদাকে ব্যঙ্গ করে অভিনব প্রতিবাদ জানাল রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। দলের প্রবীণ নেতা সন্দীপ দেশপাণ্ডে বিএমসি সদর দপ্তরে একঝাঁক খেলনা ইনোভা গাড়ি উপহার হিসেবে পাঠিয় চরম খোঁচা দিয়েছেন। যদিও বিএমসি-র গেটে উপস্থিত নিরাপত্তারক্ষীরা সেই খেলনা গাড়িগুলিকে ভিতরে ঢুকতে না দিয়ে ফেরত পাঠিয়ে দেন।

কয়েক মাস আগেই জনগণের ট্যাক্সের বিপুল টাকা খরচ করে যে এসইউভি কেনা হয়েছিল, হঠাৎ তা পিঠব্যথার অজুহাতে বদলে ফেলার এই প্রস্তাবে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা। শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেত্রী তথা মুম্বইয়ের প্রাক্তন মেয়র কিশোরী পেডনেকর এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, পৌরসভাকে এভাবে লুঠ করা চরম অন্যায়; কমিশনার কি এখানে কেবল আধিকারিকদের ব্যক্তিগত খেয়ালখুশি মেটাতে বসেছেন? যদিও বিতর্কের মুখে দাঁড়িয়েও এই গাড়ি বদলের সিদ্ধান্তকে সমর্থন করেছেন বর্তমান মেয়র ঋতু তাউড়ে। তিনি দাবি করেন যে তাঁর নিজেরও পিঠে ব্যথা রয়েছে এবং বিএমসি-র চুক্তির নিয়মেই গাড়ি বদলের সুযোগ রয়েছে। চুক্তি অনুযায়ী প্রয়োজন মনে করলে বর্তমান যানবাহন পরিবর্তন করা যায় এবং গাড়ি ব্যবহার করার পরেই তাঁরা নাকি বুঝতে পেরেছেন যে স্কোর্পিওর কারণে পিঠে ব্যথা হচ্ছে। তবে পিঠব্যথার এই আজব যুক্তিতে আমজনতার করের টাকায় দামী গাড়ি কেনার প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই মুম্বই জুড়ে ট্রোল ও বিতর্কের ঝড় উঠেছে।

Leave a Comment

আরও পড়ুন