দুই মামলায় জামিন মিললেও এখনই মুক্তি পাচ্ছেন না সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস

ঢাকা: দীর্ঘ আইনি লড়াইয়ের পর বাংলাদেশে বন্দি হিন্দু ধর্মীয় নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে দুটি মামলায় জামিন দিল বাংলাদেশের হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ সরকারি কাজে বাধা, হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় এই জামিন মঞ্জুর করেন। চিন্ময় দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তবে হাইকোর্ট থেকে জামিন মিললেও এখনই কারাগার থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাঁর, কারণ তাঁর বিরুদ্ধে এখনও রাষ্ট্রদ্রোহ ও হত্যাসহ আরও চারটি মামলা বিচারাধীন রয়েছে।

বাংলাদেশ জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশের রাজনীতি। তাঁর গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে শুরু হয় তীব্র প্রতিবাদ আন্দোলন, যা পরবর্তী সময়ে চট্টগ্রাম আদালত চত্বরে চরম হিংসাত্মক রূপ ধারণ করে এবং এক সরকারি আইনজীবীর মর্মান্তিক মৃত্যু ঘটে। সেই ঘটনাতেও তাঁর বিরুদ্ধে হত্যার মামলা রজু করা হয়। আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, চিন্ময় দাসের বিরুদ্ধে থাকা মোট ছয়টি মামলার মধ্যে দুটিতে রবিবার জামিন দেওয়া হলেও বাকি মামলাগুলির শুনানি এখনও বিভিন্ন আদালতে চলছে, যার মধ্যে দুটির শুনানি আগামী ১৬ আগস্ট ধার্য করা হয়েছে। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা নিয়ে কারাগারে বন্দি থাকার কারণে পরিবারের পক্ষ থেকে বার বারবার জামিনের আবেদন করা হলেও এতদিন তা খারিজ হয়ে যাচ্ছিল। ভারতের পক্ষ থেকেও হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা এবং চিন্ময় দাসের মুক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। আপাতত দুটি মামলায় স্বস্তি মিললেও সম্পূর্ণ মুক্তি পেতে তাঁকে আরও কিছুটা সময় জেলেই কাটাতে হবে।

Leave a Comment

আরও পড়ুন