শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার স্বার্থে সামরিক ও সিভিল একত্রিতকরণ অত্যন্ত জরুরি: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

নয়াদিল্লি: দেশের নিরাপত্তা ব্যবস্থা ও প্রযুক্তিগত নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি শক্তিশালী প্রতিরক্ষা ইকোসিস্টেম গড়ে তুলতে সামরিক বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রকের অসামরিক শাখার মধ্যে সমন্বয় বৃদ্ধি করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার দিল্লিতে আয়োজিত ৮৫তম ‘আর্মড ফোর্সেস হেডকোয়ার্টার্স’ (এএফএইচকিউ) সিভিলিয়ান সার্ভিসেস ডে উদযাপনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান। প্রতিরক্ষামন্ত্রী বলেন, সামরিক পোশাক পরা সেনা সদস্য এবং প্রশাসনিক সিভিল সার্ভিস—উভয় পক্ষই “নেশন ফার্স্ট” বা ‘দেশ প্রথম’ নীতিতে চালিত হয়। যখন লক্ষ একই থাকে, তখন প্রশাসনিক ব্যবস্থার প্রতিটি অংশ জাতীয় শক্তিতে পরিণত হয়।

তিনি জোর দিয়ে বলেন, বিশেষ করে সশস্ত্র বাহিনী যখন সমন্বিত ব্যবস্থার দিকে এগোচ্ছে, তখন সামরিক এবং প্রশাসনিক পরিকাঠামো আলাদা পথে চলতে পারে না। যৌথ প্রতিরক্ষা কাঠামোর সফলতার জন্য নীতি, প্রশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা, আর্থিক প্রক্রিয়া এবং লজিস্টিকসের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা ও ধারাবাহিকতা অত্যন্ত প্রয়োজন। সামরিক এবং অসামরিক অফিসারদের কাজের পরিধি ও বোঝাপড়া বাড়াতে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং বিশেষ অ্যাসাইনমেন্টের মাধ্যমে পারস্পরিক আদান-প্রদানের ওপর গুরুত্ব দেন রাজনাথ সিং। তিনি ব্যাখ্যা করেন, সেনা অফিসাররা যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা ও সামরিক কৌশল নিয়ে আসেন, অন্যদিকে সিভিল অফিসাররা নীতিগত দক্ষতা, প্রশাসনিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা প্রদান করেন। এই দুই শক্তির মিলন আরও নিখুঁত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে।

আধুনিক যুদ্ধরীতির পরিবর্তনের কথা উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী সাইবার ওয়ারফেয়ারের মতো ক্ষেত্রে বিশেষ প্রতিরক্ষা সাইবার সরঞ্জাম তৈরির জন্য এএফএইচকিউ ক্যাডারকে ভূমিকা নেওয়ার পরামর্শ দেন। এর পাশাপাশি ভারতীয় সামরিক ইতিহাসকে এক সিভিলিয়ান দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণের জন্য একটি বিশেষ ফোরাম গঠনের প্রস্তাব করেন তিনি। তিনি কর্মকর্তাদের অনুরোধ জানান যেন তাঁরা কেবল পরিষেবা সংক্রান্ত নিয়ম-কানুন প্রয়োগেই নিজেদের সীমাবদ্ধ না রেখে গবেষণা, ভূ-রাজনৈতিক বিশ্লেষণ এবং উদ্ভাবনী চিন্তাভাবনার মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করে তোলেন। অনুষ্ঠান চলাকালে প্রতিরক্ষামন্ত্রী ‘ইন্টারনেট-বেসড অ্যাকোমোডেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (IBAMS) পোর্টালসহ বেশ কয়েকটি ডিজিটাল পরিষেবার সূচনা করেন। পাশাপাশি ‘সংবাদ’ পত্রিকার ৩৪তম সংস্করণ প্রকাশ করেন এবং ক্রীড়া ও শিক্ষাক্ষেত্রে সফল কর্মীদের ও তাঁদের সন্তানদের পুরস্কৃত করেন।

Leave a Comment

আরও পড়ুন