৩২ কোটি টাকার দেনা মেটাতে কোম্পানি দখলের চক্রান্ত, মহারাষ্ট্রের শিল্পপতিকে খুনের চেষ্টা

ভাসাই, ১লা আগস্ট:

মহারাষ্ট্রের প্রখ্যাত শিল্পপতি তথা জিএসএম ফয়েলস সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহনসিং পারমারকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, প্রায় ৩২ কোটি টাকার আর্থিক দায়বদ্ধতা এড়াতে এবং সম্পূর্ণ কোম্পানির নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে এই খুনের গভীর ছক কষেছিলেন খোদ সংস্থারই সহ-চেয়ারম্যান সাগর ভানুশালী। গত ২৬শে জুলাই ভাসাইয়ের নায়েকপাড়া এলাকায় বাইকে করে আসা দুই দুষ্কৃতী মোহনসিং পারমারকে লক্ষ্য করে গুলি চালায়, যা তাঁর কাঁধে লাগে। তবে প্রথম গুলির পর পিস্তলটি জ্যাম হয়ে যাওয়ায় দ্বিতীয়বার আর গুলি চালাতে না পেরে হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে ৪৬ বছর বয়সী পারমার হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ৩৩ বছর বয়সী মূল অভিযুক্ত সাগর ভানুশালী শেয়ার বাজারে প্রায় ৫৫ কোটি টাকা হারিয়ে দেনায় জর্জরিত ছিলেন। এই তীব্র আর্থিক সংকট থেকে বাঁচতে তিনি পারমারকে তাঁর শেয়ার প্রায় ৩২ কোটি টাকায় কিনে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু পরবর্তীতে সেই অর্থ শোধ করার পরিবর্তে পারমারকে চিরতরে সরিয়ে দিয়ে পুরো কোম্পানি দখল করার পরিকল্পনা করেন ভানুশালী। এই কাজের জন্য তিনি ৪০ লক্ষ টাকার বিনিময়ে পেশাদার সুপারি কিলার ভাড়া করেছিলেন এবং অগ্রিম হিসেবে ৫ লক্ষ টাকা প্রদান করেছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ভাসাই পুলিশের একটি বিশেষ দল উত্তরপ্রদেশ থেকে মূল ষড়যন্ত্রকারী সাগর ভানুশালীকে গ্রেপ্তার করে। এর পাশাপাশি সুজিত পাণ্ডে ও মনোজ থাথারে নামে দুই শুটার সহ মোট সাতজনকে হেফাজতে নেওয়া হয়েছে। সমস্ত প্রযুক্তিগত ও আর্থিক তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Comment

আরও পড়ুন