পদক জয়ের জন্য নীরাজ এবং যশবীরকে শুভেচ্ছা রাষ্ট্রপতির

গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এর পুরুষদের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় যথাক্রমে রুপো এবং ব্রোঞ্জ পদক জয় করায় ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া এবং যশ বীর সিংকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের জন্য গৌরব ও আনন্দ বয়ে আনার কারণে তাঁদের এই চমৎকার পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

সামাজিক মাধ্যম এক্স-এ রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে শেয়ার করা একটি পোস্টে রাষ্ট্রপতি জানিয়েছেন যে, গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে রুপো জেতার জন্য নীরজ চোপড়া এবং ব্রোঞ্জ জেতার জন্য যশ বীর সিংকে তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। তাঁদের এই চমৎকার পারফরম্যান্স জাতির জন্য অপরিসীম গৌরব ও আনন্দ নিয়ে এসেছে। একই মঞ্চে জোড়া পদক জয়ের এই স্মরণীয় মুহূর্ত তাঁদের অটুট নিষ্ঠা এবং ব্যতিক্রমী ক্রীড়ানৈপুণ্যেরই প্রতিফলন। শ্রেষ্ঠত্বের প্রতি তাঁদের এই সাধনা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং দেশের জন্য আরও বেশি সম্মান বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ডেক্যাথলনে ব্রোঞ্জ পদক জেতার জন্য তেজস্বিন শঙ্করকেও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু। ভারতীয় অ্যাথলেটিক্সের ইতিহাসে এটি আরও একটি ঐতিহাসিক ঘটনা বলে তিনি অভিহিত করেছেন। তিনি আরও বলেন যে, এই অসামান্য পারফরম্যান্সের মাধ্যমে তেজস্বিন প্রথম ভারতীয় হিসেবে কমনওয়েলথ গেমসের ডেক্যাথলনে পদক জেতার অনন্য নজির গড়েছেন। তাঁর এই ব্যতিক্রমী কৃতিত্বে গোটা দেশ আজ অত্যন্ত গর্বিত। তিনি যাতে আগামী দিনে সাফল্যের নতুন শিখরে আরোহণ করে দেশের জন্য আরও বৃহত্তর গৌরব নিয়ে আসতে পারেন, সেই কামনাই করেছেন রাষ্ট্রপতি।

পাশাপাশি জুডোতে ভারতের সাফল্যেরও প্রশংসা করেছেন রাষ্ট্রপতি মুর্মু। মহিলাদের ৫৭ কেজি জুডো ইভেন্টে রুপো জেতার জন্য যামিনী মৌর্যকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন যে, জুডোতে ভারতের এই অসাধারণ যাত্রা অব্যাহত রয়েছে। তাঁর এই পদক জয় গ্লাসগো কমনওয়েলথ গেমসে জুডোতে ভারতের তৃতীয় পদক নিশ্চিত করেছে, যা এই খেলায় দেশের ক্রমবর্ধমান সাফল্যেরই প্রতিফলন। যামিনীর অদম্য মানসিকতা, দৃঢ় সংকল্প এবং লড়াইয়ের স্পৃহা গোটা জাতিকে গর্বিত করেছে। তাঁর এই অনুপ্রেরণামূলক যাত্রা আগামী দিনে আরও অনেক তরুণ জুডোকাকে সাফল্যের পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে বলেও রাষ্ট্রপতি তাঁর বার্তায় উল্লেখ করেছেন।

Leave a Comment

আরও পড়ুন