Spo3গ্লাসগো, ১লা আগস্ট: গ্লাসগো কমনওয়েলথ গেমসে গতকাল ভারত আরও একটি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে। জুডোতে ঐতিহাসিক জোড়া সোনা জয়, পুরুষদের জ্যাভলিন থ্রো বা বর্শা নিক্ষেপে এক স্মরণীয় জোড়া পদক প্রাপ্তি, ডেক্যাথলনে প্রথমবারের জন্য ব্রোঞ্জ জয় এবং দশজন বক্সারের নিজ নিজ ফাইনালে জায়গা করে নেওয়ার মধ্য দিয়ে দিনটি ভারতের ক্রীড়াজগতে অত্যন্ত স্মরণীয় হয়ে উঠেছে।
জুডোকা অস্মিতা দে এবং হর্ষ সিং কমনওয়েলথ গেমসের ইতিহাসে জুডোতে ভারতের হয়ে প্রথম সোনার পদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে কানাডার হেইডি কোয়াচকে গোল্ডেন স্কোরে পরাজিত করে সোনা জেতেন অস্মিতা। অন্যদিকে, পুরুষদের ৬০ কেজি বিভাগে অস্ট্রেলিয়ান অলিম্পিয়ান জশুয়া কাটজকে হারিয়ে সোনার পদক নিজেদের নামে করেন হর্ষ সিং। পাশাপাশি মহিলাদের ৫৭ কেজি ইভেন্টে যামিনী মৌর্য একটি রুপোর পদক জেতায়, দুটি সোনা এবং একটি রুপো-সহ জুডোতে ভারত তাদের সর্বকালের সেরা কমনওয়েলথ গেমসের প্রচার শেষ করল।
অ্যাথলেটিক্সে, অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে ৮৫ দশমিক ৮৩ মিটার দূরত্ব অতিক্রম করে মরশুমের সেরা পারফরম্যান্সের সাথে রুপো জিতেছেন। এই ইভেন্টে শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গা পাথিরাজে ৮৯ দশমিক ৭৫ মিটার থ্রো করে সোনা জিতেছেন। অন্যদিকে, ভারতের যশবীর সিং তাঁর চূড়ান্ত প্রচেষ্টায় ৮৫ দশমিক ৪১ মিটারের ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের মাধ্যমে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। ডেক্যাথলনেও ইতিহাস তৈরি হয়েছে, যেখানে তেজস্বিন শঙ্কর প্রথম ভারতীয় হিসেবে কমনওয়েলথ গেমসের ডেক্যাথলনে ব্রোঞ্জ পদক জয় করেছেন।
ভারতের বক্সাররাও এদিন অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। মোট দশজন বক্সার নিজ নিজ সেমিফাইনাল বাউটে জয়লাভ করে ফাইনালে প্রবেশ করেছেন। এঁরা হলেন মহিলাদের বিভাগে ৫১ কেজিতে সাক্ষী চৌধুরী, ৫৪ কেজিতে প্রীতি পাওয়ার, ৫৭ কেজিতে জেসমিন ল্যাম্বোরিয়া, ৬০ কেজিতে প্রিয়া ঘাংঘাস, ৭০ কেজিতে অরুন্ধতী চৌধুরী এবং ৭৫ কেজিতে লভলিনা বরগোঁহাই। পুরুষদের বিভাগে রয়েছেন ৫৫ কেজিতে জাদুমণি সিং, ৬০ কেজিতে শচীন সিওয়াচ, ৮০ কেজিতে অঙ্কুশ পাঙ্গাল এবং ৯০ (প্লাস) বা তার বেশি কেজি বিভাগে নরেন্দ্র বেরওয়াল।
লন বোলস-এ নবনীত সিং এবং দীনেশ কুমার পুরুষদের পেয়ারস ইভেন্টে তাঁদের টানা চতুর্থ জয় নথিভুক্ত করেছেন, অন্যদিকে মহিলাদের সিঙ্গলস ম্যাচে জয় পেয়েছেন নয়নমণি শইকিয়া। তবে ভারতের সাইক্লিস্টদের জন্য দিনটি হতাশাজনক ছিল। পুরুষদের চার হাজার মিটার ইন্ডিভিজুয়াল পারস্যুটে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন দীনেশ কুমার এবং হর্ষবীর সিং সেখোঁ। এছাড়া পুরুষদের কেইরিন ইভেন্টেও কোনও ভারতীয় রাইডার পরবর্তী পর্যায়ে এগোতে পারেননি।
সব মিলিয়ে পাঁচটি সোনা, ১২টি রুপো এবং ছ’টি ব্রোঞ্জ-সহ মোট ২৩টি পদক নিয়ে ভারত বর্তমানে সামগ্রিক পদক তালিকার দশম স্থানে অবস্থান করছে। ৫৫টি সোনা-সহ মোট ১২৮টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষস্থানটি এখনও অস্ট্রেলিয়ার দখলেই রয়েছে।









