প্রবল জলের তোড়ে ভেঙে পড়ল বিনপুর-২ (বেলপাহাড়ী) ব্লকের সন্দাপাড়া অঞ্চলের বড্ডিহা গ্রামের একটি গুরুত্বপূর্ণ সেতু। এর জেরে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকার অন্তত পাঁচ-ছ’টি গ্রাম।
স্থানীয় সূত্রে খবর, বেলপাহাড়ির দিক থেকে নেমে আসা প্রবল জলের স্রোতে সেতুটি মাঝখান থেকে ভেঙে বসে যায়। পাশাপাশি, সেতু ও পিচ রাস্তার সংযোগস্থলের অ্যাপ্রোচ অংশেও ধস নেমেছে। সে সময় সাইকেল নিয়ে পার হতে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচেন এক ব্যক্তি।
এই রাস্তাটি দিয়ে স্কুল-কলেজের পড়ুয়াদের পাশাপাশি ঝাড়খণ্ড সীমানাবর্তী বহু এলাকার মানুষ নিত্য যাতায়াত করেন। সেতু ভেঙে যাওয়ায় বাজারঘাট ও জরুরি স্বাস্থ্য পরিষেবা কার্যত থমকে গিয়েছে।
গ্রামবাসীদের অভিযোগ, প্রায় তিন বছর আগেই সেতুর গার্ডওয়াল ভেঙে গিয়েছিল। বিডিও ও জেলা প্রশাসনকে বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি। দ্রুত সেতু মেরামতের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা।









