ভুয়ো সিম কার্ড পাচার ও সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস, সাঁকরাইলে ধৃত ২

ঝাড়গ্রাম: অন্যের পরিচয়পত্র ও নথিপত্র হাতিয়ে ভুয়ো সিম কার্ড তুলে সাইবার প্রতারকদের কাছে চড়া দামে বিক্রির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম খোকন দত্ত (৩৩) এবং মৃণাল কান্তি দাস (২৮)। খোকনের বাড়ি সাঁকরাইল ব্লকের বহড়াদাঁড়ি গ্রামে এবং মৃণাল ওই ব্লকেরই কুবদা গ্রামের বাসিন্দা। সোমবার সাঁকরাইল থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে এবং মঙ্গলবার দু’জনকেই ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্য সাইবার অপরাধ দমন শাখার কাছ থেকে সাঁকরাইল থানা এলাকায় ভুয়ো সিম কার্ড বিক্রির কারবার চলার বিষয়ে নির্দিষ্ট তথ্য আসে। সেই তথ্যের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সাধারণ মানুষের অজান্তে তাঁদের নথিপত্র ব্যবহার করে বিভিন্ন টেলিকম এজেন্টের মাধ্যমে সিম কার্ড তোলা হচ্ছিল। এরপর সেই সক্রিয় সিম কার্ডগুলি সাইবার অপরাধ ও আর্থিক প্রতারণায় যুক্ত চক্রের কাছে চড়া দামে বিক্রি করে দেওয়া হতো। তদন্তে নেমে সাঁকরাইল থানার পুলিশ এই চক্রের সঙ্গে সরাসরি যুক্ত থাকা ওই দুই অভিযুক্তকে চিহ্নিত করে জালে তোলে।

পুলিশের প্রাথমিক তদন্তে আরও জানা গিয়েছে, যাঁদের নথিতে এই সিম কার্ডগুলি তোলা হয়েছিল, তাঁদের অধিকাংশই এই বিষয়ে ঘুণাক্ষরেও কিছু জানতেন না। এই চক্রের জাল কত দূর বিস্তৃত এবং সিম বিক্রির প্রক্রিয়ায় স্থানীয় এজেন্ট ও ডিস্ট্রিবিউটরদের কোনও যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া সিম কার্ডগুলি কোথায় এবং কী ধরনের সাইবার অপরাধে ব্যবহার করা হয়েছে, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত জারি রয়েছে।

Leave a Comment

আরও পড়ুন