নয়াদিল্লি: ন্যাশনাল ক্যাডেট কোর-এর মহিলা ক্যাডেটদের নিয়ে আয়োজিত বিশেষ হাই-অল্টিটিউড দীর্ঘ ট্র্যাকিং অভিযান ‘অপরাজিতা – পারাং লা ২০২৬’-এর আনুষ্ঠানিক সূচনা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ফ্ল্যাগশিপ অ্যাডভেঞ্চার অভিযানের যাত্রার শুভারম্ভ করেন। হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকা এবং লাদাখের চাংথাং অঞ্চলের সংযোগকারী ১৮,৩০০ ফুট (৫,৫৭৮ মিটার) উচ্চতার দুর্গম ‘পারাং লা পাস’ দিয়ে এই ট্রেকটি সম্পন্ন হবে, যা দেশের অন্যতম কঠিন এবং চ্যালেঞ্জিং পাহাড়ি রুট হিসেবে পরিচিত।
প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন শাখার তিন জন মহিলা অফিসারের নেতৃত্বে ২৮ জন বাছাই করা তরুণী ক্যাডেট এই অভিযানে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের গড় বয়স ১৯ বছর, যার মধ্যে কনিষ্ঠতম সদস্যের বয়স মাত্র সাড়ে ১৬ বছর। কিব্বার, ডুমলা, থালতাক, পারাং লা পাস ও করজক হয়ে হিমালয়ের দুর্গম বরফাবৃত মরুভূমি, হিমবাহ এবং নদী উপত্যকার ওপর দিয়ে প্রায় ২৫০ কিলোমিটারের এই পথ ৩০ দিনে অতিক্রম করবে দলটি। তরুণীদের এই ধরনের দুঃসাহসিক অভিযানের ভূয়সী প্রশংসা করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এটি দেশের নারীশক্তির সাহস, অদম্য সংকল্প এবং ক্রমবর্ধমান সক্ষমতার এক উজ্জ্বল নিদর্শন।
ক্যাডেটদের শুভেচ্ছা জানিয়ে রাজনাথ সিং নির্দেশ দেন যেন অভিযানের সময় নিরাপত্তা, পরিবেশ রক্ষা এবং স্থানীয় মানুষের সঙ্গে সংযোগের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। তিনি হিমালয়ের বাস্তুতন্ত্র রক্ষায় ‘জিরো-ওয়েস্ট’ নীতি মেনে চলার পরামর্শ দেন। দেশের বিভিন্ন প্রান্তের ক্যাডেটদের এই একযোগে অংশগ্রহণকে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর বাস্তব রূপ হিসেবে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই অভিযান তরুণীদের মনে নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তুলবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁদের প্রকৃত ‘অপরাজিতা’ হয়ে উঠতে অনুপ্রাণিত করবে। এনসিসি-র ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বীরেন্দ্র ভাটস-সহ প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।









