নয়াদিল্লি, ১৯ আগস্ট: বিহারের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে এবং ভারত-নেপাল সীমান্ত বাণিজ্যে গতি আনতে জাতীয় সড়ক-২২-এর মুজফফরপুর-সীতামঢ়ী-সোনবর্ষা অংশকে চার লেনে উন্নীত করার প্রস্তাবে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ৩,৫৯০ কোটি ৭৩ লক্ষ টাকার এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। হাইব্রিড অ্যানুইটি মডেলে মোট ৮২ দশমিক ৫৭৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কটিকে আধুনিক চার লেনের মানে উন্নীত করা হবে।
প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের আওতায় পরিকল্পিত এই মহাসড়কটি ভারত-নেপাল সীমান্তের সোনবর্ষার সঙ্গে মুজফফরপুরকে যুক্ত করবে, যা পরবর্তীতে ইস্ট-ওয়েস্ট করিডোরের অন্তর্গত জাতীয় সড়ক-২৭-এর সঙ্গে সংযোগ স্থাপন করবে। এর ফলে মুজফফরপুর, মকসুদপুর, রূন্নী সৈয়দপুর, ঠুম্মা, ডুমরা, ভুতহী এবং সোনবর্ষার মতো জনবহুল এলাকাগুলিতে দীর্ঘদিনের যানজট দূর হবে। সড়কটি সর্বোচ্চ ঘণ্টায় ১০০ কিমি এবং গড় ৮০ কিমি গতিবেগের উপযোগী করে তৈরি করা হবে, যেখানে দুর্ঘটনার ঝুঁকি কমাতে কোনো সমতল মিডিয়ান সংযোগ রাখা হবে না।
এই মহাসড়ক সম্প্রসারণের ফলে বাগমতী নদীর ওপর ৩৪০ মিটার দীর্ঘ একটি বড় সেতু সহ মোট সাতটি প্রধান সেতু, তিনটি রেল ওভারব্রিজ এবং দুটি উড়ালপুল তৈরি করা হবে। নতুন এই করিডোরটি চারটি শিল্পাঞ্চল ও একটি মেগা ফুড পার্ক সহ পাঁচটি অর্থনৈতিক কেন্দ্র, মুজফফরপুর ও সীতামঢ়ী রেল স্টেশন এবং সীতামঢ়ীর ঐতিহাসিক জানকী পুনৌরা ধাম ও বৌদ্ধ সার্কিটের মতো ধর্মীয় পর্যটন ক্ষেত্রগুলির মধ্যে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ গড়ে তুলবে। পাশাপাশি ভিঠামোড় স্থলবন্দরের মাধ্যমে সীমান্তবর্তী বাণিজ্য ও যাত্রী পরিবহণেও এটি বড় ভূমিকা রাখবে।









