নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম, ২৬ অগস্ট: ঝাড়গ্রাম এলাকায় চলাচলকারী পণ্যবাহী লরি ও ট্র্যাক্টর থেকে নিয়মিত তোলা আদায়ের এক চক্রের পর্দাফাঁস করল পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি দমন শাখা (এসিবি)। ফাঁদ পেতে এক পুলিশ কনস্টেবল এবং তিন দালালকে হাতেনাতে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। উদ্ধার হয়েছে তোলা আদায়ের নগদ ৫ লক্ষ ৫৪ হাজার টাকা।
দুর্নীতি দমন শাখা সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম অঞ্চলে বিভিন্ন লরি ও ট্র্যাক্টর থেকে নিয়মতান্ত্রিকভাবে বেআইনি টাকা আদায়ের নির্দিষ্ট অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এক লরি মালিকের কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করা হয় তিন দালালকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাতেই মূল চক্রের পর্দাফাঁস হয়। এক অভিযুক্ত স্বীকার করে, বিভিন্ন গাড়ি থেকে তোলা আদায় করে মোট ৫ লক্ষ ৫৪ হাজার টাকা সে সংশ্লিষ্ট পুলিশ কনস্টেবলের হাতে তুলে দেওয়ার জন্য সংগ্রহ করে রেখেছিল। চাঞ্চল্যকর বিষয় হলো, ধৃতের মোবাইল ফোনে ওই কনস্টেবলের নম্বরটি ‘ঝাড়গ্রাম ম্যানেজার’ নামে সেভ করা ছিল।
তদন্তকারীদের দাবি, এই তোলাবাজি চক্রের মূল সুবিধাভোগী ছিলেন ওই অভিযুক্ত পুলিশ কনস্টেবল। এরপরই ওই কনস্টেবল এবং তিন দালালকে গ্রেফতার করা হয়। ঘুষের নির্দিষ্ট টাকার পাশাপাশি বেআইনিভাবে আদায় করা নগদ ৫ লক্ষ ৫৪ হাজার টাকাও বাজেয়াপ্ত করেছে দুর্নীতি দমন শাখা। এই চক্রের শিকড় কতদূর ছড়িয়ে রয়েছে, কতদিন ধরে এই তোলাবাজি চলছিল এবং এর পেছনে আরও কোনো পুলিশকর্মী বা প্রভাবশালীর যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু হয়েছে।









