নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম, ২৫ অগস্ট: আগামী ২০ সেপ্টেম্বর কলকাতায় বাম যুব সংগঠন ‘ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন’ (ডিওয়াইএফআই)-এর ডাকে এক বৃহৎ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর অবমাননা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ এবং কবি সুকান্ত ভট্টাচার্যের অপমানের প্রতিবাদ-সহ একাধিক জ্বলন্ত ইস্যুকে সামনে রেখেই এই কেন্দ্রীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
কলকাতার এই কর্মী সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করে তুলতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় জোরকদমে প্রস্তুতি ও প্রচার অভিযান শুরু করেছে সংগঠন। সেই কর্মসূচির অংশ হিসেবেই মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রাম শহরে এক প্রস্তুতি মিছিলের আয়োজন করেন ডিওয়াইএফআইয়ের কর্মী-সমর্থকেরা। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এই মিছিলটি।
মিছিলে যুব সংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। মিছিল থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি কলকাতার সমাবেশকে সফল করতে ঝাড়গ্রাম জেলা থেকেও বিপুল সংখ্যায় কর্মী-সমর্থকদের শামিল হওয়ার জোরালো আহ্বান জানানো হয়।









