লেবু কেটে বৃষ্টি থামানোর দাবি বিজেপি সাংসদের, কটাক্ষ কংগ্রেসের

বিশেষ সংবাদদাতা, রায়পুর, ২৭ অগস্ট: বুড়া দেব ও মহাদেবের কাছে প্রার্থনা করে এবং লেবু কেটে তিনি প্রবল বৃষ্টি থামিয়ে দিয়েছেন বলে দাবি করলেন ছত্তীসগঢ়ের কাঙ্কেরের বিজেপি সাংসদ ভোজরাজ নাগ। তাঁর এই আজব দাবিকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সমাজমাধ্যমে বক্তব্যটির ভিডিও ছড়িয়ে পড়তেই কুসংস্কার বিরোধী আন্দোলনকারী ও বিরোধী দল কংগ্রেসের তরফে তীব্র উপহাস ও সমালোচনার মুখে পড়েছেন ওই বিজেপি সাংসদ।

গত মঙ্গলবার বালোদ জেলার ডৌন্ডি লোহারা এলাকায় ‘মহতারী বন্দন’ প্রকল্পের এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইয়ের উপস্থিতিতে জনসভায় ভাষণ দেওয়ার সময় এই দাবি করেন নাগ। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, “আবহাওয়া খুব খারাপ ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবং আমি খবর পাই যে মুখ্যমন্ত্রী সফরে আসছেন। কিন্তু আমি মহাদেবের কাছে প্রার্থনা করি এবং একটি লেবু কেটে বৃষ্টি থামিয়ে দিই।” তিনি জানান, মাঝরাতে মুখ্যমন্ত্রীর সফরের প্রটোকল এসে পৌঁছায় এবং আগের দিন থেকেই আবহাওয়া দুর্যোগপূর্ণ ছিল। তাই অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে হতে পারে, সেজন্য তিনি বুড়া দেব ও মহাদেবের কাছে বিশেষ আচার পালন করেন। তিনি আরও যোগ করেন, “এখন অনুষ্ঠান সফল হয়েছে। এবার যদি বৃষ্টি হতে হয়, তবে হোক।” তাঁর এই মন্তব্যের পর মুখ্যমন্ত্রী-সহ মঞ্চে উপস্থিত অন্যদের হাসতে দেখা যায়।

পাবলিক প্ল্যাটফর্মে লেবু ও আচারের কথা তুলে ধরে নাগ এই প্রথম বিতর্কে জড়ালেন তা নয়। এর আগেও তিনি জনঅভিযোগের নিষ্পত্তি না করায় সরকারি আধিকারিকদের উদ্দেশে ‘লেবু কাটার’ হুঁশিয়ারি দিয়েছিলেন। এছাড়া ভূত তাড়ানো এবং ঝাড়ফুঁকের মতো বিষয় নিয়েও পূর্বে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন তিনি।

নাগের এই মন্তব্যের তীব্র সমালোচনা করে ছত্তীসগঢ় প্রদেশ কংগ্রেস সভাপতি দীপক বৈজ অভিযোগ করেন যে, বিজেপি সাংসদ সরাসরি কুসংস্কার ও বিভ্রান্তি ছড়াচ্ছেন। বৈজ কটাক্ষ করে বলেন, “লেবু কেটেই যদি বৃষ্টি থামানো যায়, তবে চিনির দাম এবং মুদ্রাস্ফীতি কমাতেও ওঁর একটি লেবু কাটা উচিত।” একই সাথে সমাজমাধ্যমেও সাধারণ মানুষ এই মন্তব্য নিয়ে ব্যঙ্গ করে প্রশ্ন তুলেছেন, বিদ্যুৎ বিল, জ্বালানির দাম ও সংসারের অন্যান্য খরচ কমাতেও এই একই পদ্ধতি কাজে লাগানো যাবে কি না।

Leave a Comment

আরও পড়ুন