যোগাযোগ ব্যবস্থায় জোর, ২০ হাজার কোটির বেশি টাকার রেল প্রকল্পে মন্ত্রিসভার ছাড়পত্র নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

নয়াদিল্লি:দেশজুড়ে রেলের পরিকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় করতে ২০ হাজার কোটি টাকার বেশি মূল্যের আটটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার মন্ত্রিসভার এই মেগা ঘোষণাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, এর ফলে যাত্রীদের যাতায়াত আরও দ্রুত হওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী হবে এবং পণ্য পরিবহণের খরচ উল্লেখযোগ্যভাবে কমবে।

কেন্দ্রীয় সরকার সূত্রে জানানো হয়েছে, মূলত দুটি অংশে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হবে। প্রথম অংশে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানার ১৭টি জেলা জুড়ে পাঁচটি মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। প্রায় ১০ হাজার ২১ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পগুলির মাধ্যমে দক্ষিণ ভারতে ভারতীয় রেলের বর্তমান নেটওয়ার্ক আরও ৫৪০ কিলোমিটার বৃদ্ধি পাবে। ২০২৯-৩০ সালের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ এই সিদ্ধান্তের প্রশংসা করে জানান, দক্ষিণ ভারতে উন্নত রেল যোগাযোগ ব্যবস্থার ফলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। যাত্রীদের দ্রুত যাতায়াতের পাশাপাশি মালবাহী ট্রেনের ধারণক্ষমতাও এর ফলে বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের ১৪টি জেলা জুড়ে আরও তিনটি মাল্টিট্র্যাকিং প্রকল্পেও ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ১০ হাজার ৭৮৩ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পগুলির ফলে পূর্ব ও মধ্য ভারতের রেল নেটওয়ার্ক আরও ৬৫৬ কিলোমিটার প্রসারিত হবে। পশ্চিমবঙ্গ সহ বিস্তীর্ণ এলাকার জন্য সাড়ে ১০ হাজার কোটি টাকার বেশি মূল্যের এই রেল সম্প্রসারণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী আশা প্রকাশ করেছেন যে, এর ফলে সংশ্লিষ্ট রাজ্যগুলির মধ্যে যাতায়াত আরও সহজ ও মসৃণ হবে। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেছেন, নতুন এই রেল প্রকল্পগুলি হেরিটেজ এবং বন্যপ্রাণী কেন্দ্রিক পর্যটন শিল্পকে ব্যাপকভাবে উৎসাহিত করবে এবং সার্বিকভাবে বাণিজ্যিক পণ্য পরিবহণের ব্যয় কমাতেও সাহায্য করবে।

Leave a Comment

আরও পড়ুন