জেলা ব্যুরো, ঝাড়গ্রাম, ৮ সেপ্টেম্বর: এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের ফাঁসির দাবিতে মঙ্গলবার অবরুদ্ধ হয়ে পড়ল ঝাড়গ্রামের নয়াগ্রাম। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভারত জাকাত মাঝি পারগানা মহল ও আদিবাসী সমাজের যৌথ উদ্যোগে নয়াগ্রাম ব্লকের খড়িকা ধূমশাই যাওয়ার মূল রাজ্য সড়কের বরাকাটি চকে ব্যাপক পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
জানা গিয়েছে, গত ২৩ অগস্ট এলাকায় এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই আদিবাসী সমাজের ক্ষোভের পারদ চড়ছিল। সেই ঘটনার প্রতিবাদেই মঙ্গলবার দুপুর থেকে বরাকাটি চকে জড়ো হন বহু মানুষ। অভিযুক্তকে অবিলম্বে কঠোরতম শাস্তি দেওয়ার পাশাপাশি ফাঁসির দাবিতে সোচ্চার হন আন্দোলনকারীরা। সেই সঙ্গে জঙ্গলমহল জুড়ে আদিবাসী সমাজের ছাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করতে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার দাবি তোলেন তাঁরা।
রাস্তা অবরোধের জেরে খড়িকা ধূমশাই রাজ্য সড়কে সমস্ত ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ থমকে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নয়াগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিকরা ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা ও ন্যায়বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।









