বার্লিন, ১৪ সেপ্টেম্বর: মানবসমাজের মতোই প্রাণিজগতেও আভিজাত্য এবং সামাজিক বিশেষ অধিকার উত্তরাধিকারসূত্রে বর্তায়। বন্য হায়েনারা তাদের পূর্বসূরিদের থেকে কেবল বংশগতির জিন পায় না, বরং ক্ষমতা, সম্পদ এবং সামাজিক পদমর্যাদাও মা থেকে সরাসরি মেয়ের অধিকারে আসে। সম্প্রতি ‘সায়েন্স অ্যাডভান্সেস’ পত্রিকায় প্রকাশিত এক গবেষণাপত্রে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা প্রাণিজগতে পুরুষদের প্রজনন সংক্রান্ত প্রতিযোগিতা বেশি হওয়ার চিরাচরিত ডারউইন-বেটম্যান বিবর্তন তত্ত্বকে সরাসরি চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। সাধারণত ভারতে যে ডোরাকাটা হায়েনা দেখা যায় তাদের চেয়ে স্বভাব ও বৈশিষ্ট্যে আলাদা আফ্রিকার এই চিত্রা বা ছোপযুক্ত হায়েনা। এদের শরীরে চিতাবাঘের মতো ছোপ ছোপ দাগ থাকায় প্রাণীবিদ্যায় এরা চিত্রা হায়েনা নামেই পরিচিত। প্রাণিজগতে সাধারণত পুরুষদের শারীরিক শক্তি ও আধিপত্য বেশি থাকলেও এই চিত্রা হায়েনাদের ক্ষেত্রে তা সম্পূর্ণ বিপরীত। জার্মানির বার্লিনের লাইবনিজ ইনস্টিটিউট ফর জু অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ এবং ফ্রান্সের মঁপেলিয়ের বিবর্তনমূলক বিজ্ঞান ইনস্টিটিউটের বিজ্ঞানীদের যৌথ গবেষণায় দেখা গিয়েছে, নারী হায়েনারা পুরুষদের ওপর ছড়ি ঘোরায় শারীরিক আয়তন বা শক্তির জোরে নয়, বরং তাদের তৈরি সামাজিক জোটের বৃহৎ নেটওয়ার্কের শক্তিতে।
তাঞ্জানিয়ার এনগোরোনগোরো সংরক্ষিত এলাকার আটটি স্থায়ী দলের মোট ২,৭৪৩টি বন্য চিত্রা হায়েনার ওপর টানা ২৯ বছর ধরে গবেষণা চালিয়ে আটটি প্রজন্মের তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকরা। দলের প্রধান গবেষক ডক্টর মার্তা মোসনা আফ্রিকার ফিল্ড পরিদর্শনে গিয়ে লক্ষ্য করেন, পুরুষ হায়েনারা নিজেদের মধ্যে প্রায় কোনো লড়াই করে না। বরং তারা দলের সর্বোচ্চ মর্যাদাপ্রাপ্ত ‘আলফা ফিমেল’-এর সঙ্গে বন্ধুত্ব পাতাতে এবং দৃষ্টি আকর্ষণ করতে সারাক্ষণ তার পিছু পিছু ঘোরে। ডক্টর মোসনার কথায়, “পুরুষ হায়েনারা আলফা নারী যেখানে যায় সেখানেই তার পেছনে ছোটে। তারা তার কাছাকাছি থাকে, তাকে দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করে এবং যোগাযোগ গড়ে তোলার চেষ্টা চালায়।” অন্যদিকে ক্ষমতার লড়াই পুরুষদের তুলনায় নারী হায়েনাদের মধ্যে মারাত্মক তীব্র। ডারউইন-বেটম্যান তত্ত্বের দাবি অনুযায়ী পুরুষদের মধ্যে বংশবৃদ্ধির প্রতিযোগিতা তীব্র হওয়ার কথা থাকলেও এখানে মাতৃপ্রধান সমাজে নিজেদের আত্মীয় হওয়া সত্ত্বেও আধিপত্য টিকিয়ে রাখতে এক নারী অন্য নারীর সদ্যোজাত শাবকদের অবলীলায় হত্যা করে।
পিতৃত্ব শনাক্তকরণ এবং বংশতালিকা নিখুঁত করতে গবেষকরা হায়েনাদের মলের চারপাশের মিউকাস থেকে ডিএনএ নমুনা সংগ্রহের কঠিন কাজটি সম্পন্ন করেন। ডক্টর মোসনা জানান, পুরুষ হায়েনাদের মলত্যাগের জন্য অপেক্ষা করা এবং তা সংগ্রহ করা মোটেও সহজ কাজ ছিল না; অনেক সময় হায়েনারা জলে মলত্যাগ করায় নমুনা ভেসে যেত বা পাতলা মলের কারণে তা সংগ্রহ করা চ্যালেঞ্জের হয়ে উঠত, যা তাঁদের প্রশিক্ষিত ফিল্ড সহকারীরা দক্ষতার সঙ্গে সামলান। এনগোরোনগোরোর ‘লেমালা’ নামের একটি দলের ৩০ বছরের বংশলতিকা বিশ্লেষণ করে গবেষকরা দেখেন, দলটির প্রায় সমস্ত জীবিত সদস্যই মূলত একজন আদি নারী প্রতিষ্ঠাতার বংশধর। গবেষণার তথ্য অনুযায়ী, একজন আলফা নারীর কনিষ্ঠ কন্যাসন্তানই মায়ের সামাজিক পদমর্যাদার মূল উত্তরাধিকারী হয়। ফলে তারা বেশি পুষ্টিকর খাদ্য পায়, দ্রুত বৃদ্ধি পায়, বেশিদিন বাঁচে এবং বংশবৃদ্ধির অনুকূল সুযোগ পায়। ডক্টর মোসনা স্পষ্ট জানান, “এই গবেষণা আমাদের শেখায় যে লিঙ্গভিত্তিক ভূমিকা জিনগতভাবে নির্ধারিত নয়; পুরুষ বা নারীর আচরণ কেমন হবে কিংবা আমাদের সমাজ কেমন আচরণ করবে তা জিনের খাঁচায় বন্দি নয়। কেবল সামাজিক প্রক্রিয়াই সমাজকে অর্থবহভাবে বদলাতে পারে।”
মিশিগান স্টেট ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক কে ই হোলক্যাম্প এই দীর্ঘমেয়াদি ফিল্ড গবেষণার ভূয়সী প্রশংসা করে একে নতুন পথপ্রদর্শক বলে উল্লেখ করেছেন। তেল আভিভ ইউনিভার্সিটির গবেষক অমিয়াল ইলানি মন্তব্য করেন, “এই গবেষণা প্রমাণ করে যে উত্তরাধিকারকে শুধুই জিনগত হিসেবে দেখা উচিত নয়। সামাজিকভাবে প্রাপ্ত মর্যাদা, সম্পর্ক এবং সম্পদের প্রবেশাধিকার ভবিষ্যৎ প্রজন্মের গঠন ও সক্ষমতায় দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।” বর্তমানে গবেষকরা খতিয়ে দেখছেন যে এই ধরনের বংশানুক্রমিক সামাজিক অসমতা অন্যান্য বন্য প্রাণীদের মধ্যেও ঘটে কি না। পাশাপাশি নারী হায়েনারা তাদের সামাজিক পদমর্যাদার ওপর ভিত্তি করে পুত্র এবং কন্যাসন্তানের প্রতি আলাদা নজর দেয় কি না তাও পরীক্ষা করে দেখা হচ্ছে। ডক্টর মোসনা মনে করছেন, উচ্চবংশীয় নারী হায়েনারা তাঁদের পদমর্যাদা বজায় রাখতে কন্যাসন্তান লালন-পালনে বেশি যত্নশীল হন এবং নিম্নবর্গের নারী হায়েনারা সম্ভবত পুত্রসন্তানের প্রতি বেশি পক্ষপাত দেখান।









