টাটা ট্রাস্টে তীব্র মতবিরোধ: আইপিও ও শীর্ষ নেতৃত্ব নিয়ে বৃহস্পতিবার অগ্নিপরীক্ষা টাটা সন্সে

মুম্বই, ১৪ সেপ্টেম্বর:

শীর্ষ নেতৃত্ব বদল এবং সম্ভাব্য গণপ্রস্তাব বা আইপিও ঘিরে টাটা ট্রাস্টের দুই শীর্ষ প্রতিনিধির তীব্র মতানৈক্যে চরম সংকটের মুখে টাটা সন্স প্রাইভেট লিমিটেডের করপোরেট পরিচালনা ব্যবস্থা। আগামী ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার টাটা সন্সের পরিচালন পর্ষদের যে বৈঠক বসতে চলেছে, সেখানে এই অভ্যন্তরীণ বিরোধের জেরে বড় সিদ্ধান্তগুলি পুরোপুরি আটকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা চাইছেন টাটা সন্সকে সম্পূর্ণ ব্যক্তিগত মালিকানাধীন বা ‘প্রাইভেট’ সংস্থা হিসেবে ধরে রাখতে। অন্যদিকে, ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান তথা বোর্ডে অন্যতম মনোনীত প্রতিনিধি বেণু শ্রীনিবাসন নিজের পুরনো অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে আইপিও-র মাধ্যমে সংস্থাকে শেয়ার বাজারে নথিভুক্ত করার পক্ষে সওয়াল করেছেন। রিজার্ভ ব্যাঙ্ক শনিবার কার্যত পাবলিক লিস্টিং বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়ার পরই এই দ্বৈরথ চরম আকার নিয়েছে।

সংস্থার অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী (আর্টিকল অব অ্যাসোসিয়েশন), টাটা সন্সের মোট আটটি গুরুত্বপূর্ণ বিষয়ে টাটা ট্রাস্টের মনোনীত সদস্যদের ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে। এর মধ্যে মূলধনী পরিকাঠামো বদল, অন্যান্য টাটা সংস্থার অংশীদারিত্ব বিক্রি বা বন্ধক রাখা এবং টাটা সন্সে ট্রাস্টের বর্তমান ৬৫.৯ শতাংশ শেয়ারের পরিমাণে প্রভাব পড়তে পারে এমন যে কোনো পদক্ষেপে তাদের চূড়ান্ত সিলমোহর বাধ্যতামূলক। এর অর্থ হলো, টাটা সন্স স্বাধীনভাবে আইপিও-র সিদ্ধান্ত নিতে পারে না। সংস্থায় ট্রাস্টের চেয়ারম্যানের কোনো ‘কাস্টিং ভোট’ না থাকায় নোয়েল টাটা ও বেণু শ্রীনিবাসনের মধ্যে ঐকমত্য না তৈরি হওয়া পর্যন্ত কোনো সমাধান সম্ভব নয়। পরিস্থিতি বেগতিক দেখে টাটা গ্রুপের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, এই অচলাবস্থা না কাটলে শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে।

সমস্যার সূত্রপাত শুধু আইপিও-তেই সীমাবদ্ধ নয়, চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের সম্ভাব্য বিদায় নিয়েও জটিলতা তৈরি হয়েছে। গত ১৩ আগস্ট টাটা সন্সের বৃহত্তম অংশীদার স্যার দোরাবজি টাটা ট্রাস্ট (এসডিটিটি) চন্দ্রশেখরনের প্রস্থান প্রস্তাব মেনে নিয়ে পাঁচ সদস্যের অনুসন্ধান কমিটি গঠনের ঘোষণা করেছিল। কিন্তু মহারাষ্ট্রের চ্যারিটি কমিশনারের নিষেধাজ্ঞার কারণে দ্বিতীয় বৃহত্তম অংশীদার স্যার রতন টাটা ট্রাস্ট (এসআরটিটি) কোনো আনুষ্ঠানিক বৈঠক বা সিদ্ধান্ত নিতে পারছে না। যার ফলে গত ১৮ আগস্ট বার্ষিক সাধারণ সভায় কোরামের অভাবে চন্দ্রশেখরনের ডিরেক্টর পদ পুনর্নবীকরণের বিষয়টিও আটকে যায়। দুই ট্রাস্টের মধ্যে ডিরেক্টর নিয়োগে বিরোধ মেটাতে ‘১০৪-বি’ ধারা প্রয়োগের সংস্থান থাকলেও, তা বর্তমান আইপিও অচলাবস্থা কাটাতে কতটা কাজে আসবে তা স্পষ্ট নয়। শ্রীনিবাসন ও ট্রাস্টি বিজয় সিং ছাড়া প্রায় সব সদস্যই সংস্থাকে প্রাইভেট রাখার পক্ষে অনড় থাকায় প্রস্পেক্টাসে সই করাই এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

আরও পড়ুন