কানাডায় পুলিশের চেয়েও বেশি বন্দুক আমাদের, শাসনে নামব: বিষ্ণোই গ্যাংয়ের হুমকি চিঠি ফাঁস

চণ্ডীগড়: “কানাডা শাসন করব আমরা, আমাদের আটকানোর ক্ষমতা কারও নেই। পুলিশের চেয়েও বেশি হাতিয়ার রয়েছে আমাদের কাছে।” কানাডার প্রতিরক্ষামন্ত্রী, সেনাবাহিনী এবং পুলিশের উদ্দেশে ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের পাঠানো এক বিস্ফোরক হুমকি চিঠি প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। তদন্ত নথির মাধ্যমে তথ্য জানার অধিকার আইনের আওতায় সম্প্রতি ফাঁস হওয়া এই চিঠিতে দাবি করা হয়েছে, কানাডাজুড়ে বিষ্ণোই গ্যাংয়ের পাঁচ হাজার সক্রিয় সদস্য ছড়িয়ে রয়েছে এবং মাত্র এক হাজার ডলারেই তাঁরা যেখানে-সেখানে গুলি চালাতে সক্ষম। ব্যাকরণ ও বানান ভুলে ভরা সেই চিঠিতে কানাডার অ্যাবটসফোর্ড পুলিশ বিভাগকে সরাসরি চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়ে লেখা হয়েছে, “আমরা ভারতীয় গ্যাং, আমাদের আটকানোর দম কানাডার নেই। এবার আমাদের সময়, খুব শীঘ্রই আমরা কানাডা দখল করব।” এই চিঠির সত্যতা সামনে আসার পরই ব্রিটিশ কলম্বিয়া, অ্যালবার্টা এবং অন্টারিওর মতো প্রদেশগুলিতে বসবাসকারী অনাবাসী ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

কানাডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডের একটি মামলার শুনানি চলাকালীন এই গোপন নথিপত্র এবং একাধিক নজরদারি ভিডিও প্রামাণ্য নথি হিসেবে পেশ করা হয়। সেই বৈঠকের ঠিক দু’দিন আগেই কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি লরেন্স বিষ্ণোইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী করমবীর সিং-সহ মোট পাঁচ ভারতীয়কে তোলাবাজি এবং গ্যাং-সংক্রান্ত হিংসার অভিযোগে প্রত্যর্পণ করেছে। বাকি চারজন হলেন পলবিন্দর সিং, জসমের সিং, অমিতোজ বাজওয়া এবং সাহিবজ্যোত সিং। তদন্তকারীদের দাবি, এডমন্টনভিত্তিক এই দলটির সঙ্গে কানাডাজুড়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিশানা করে তোলাবাজি, গুলি চালানো এবং হুমকি দেওয়ার সরাসরি যোগ রয়েছে। ব্যবসায়ীদের ওপর ‘সুরক্ষা কর’ চাপিয়ে ত্রাস তৈরির যে ছক কষা হয়েছিল, এই হুমকি চিঠি সেই গভীর ষড়যন্ত্রেরই স্পষ্ট প্রমাণ।

গোয়েন্দা সংস্থাগুলির রিপোর্টে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযোগ, কানাডার আন্তর্জাতিক ছাত্র ভিসা এবং ওয়ার্ক পারমিট প্রকল্পের ফাঁকফোকরকে হাতিয়ার করে আর্থিক সংকটে ভোগা ভারতীয় তরুণদের মগজধোলাই করে এই গ্যাংগুলির পদাতিক সৈন্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। কানাডার আর্থিক লেনদেন নজরদারি সংস্থা ফিনট্র্যাকের এক বিশেষ বুলেটিন জানিয়েছে, ভারতীয় পড়ুয়াদের টাকার টোপ দিয়ে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের ওপর হামলা ও তোলাবাজির কাজে নামানো হচ্ছে। সীমান্ত সুরক্ষা এজেন্সির অভ্যন্তরীণ মূল্যায়ন অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে স্টাডি ভিসায় থাকা প্রায় চার হাজার ভারতীয় নাগরিকের বিরুদ্ধে ১৭,৯২৯টি অপরাধের অভিযোগ উঠেছে, যার মধ্যে প্রায় পাঁচ হাজারই ভয়াবহ সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত। এমনকি শুধুমাত্র ২০২৪ সালেই স্টাডি পারমিটধারী ভারতীয়দের বিরুদ্ধে ১৩ হাজারেরও বেশি মামলার অভিযোগ দায়ের হয়েছে। সব মিলিয়ে ভিনদেশের মাটিতে বিষ্ণোই এবং বাম্বিহা চক্রের এই দৌরাত্ম্য রুখতে কানাডার নিরাপত্তা এজেন্সিগুলির ঘুম ছুটেছে।

Leave a Comment

আরও পড়ুন