গোপীবল্লভপুর, ১৬ সেপ্টেম্বর: জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার সাধারণ শ্রমজীবী মানুষদের আইনের অধিকার সম্পর্কে সচেতন করতে অভিনব উদ্যোগ নেওয়া হলো গোপীবল্লভপুরে। বুধবার ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ছাতিনশোল ব্লক অফিসের প্রেক্ষাগৃহে আয়োজিত হলো একটি বিশেষ বিনামূল্যে আইনি সচেতনতা শিবির। থানা এলাকার বিভিন্ন পেশায় কর্মরত কর্মীদের নিয়ে আয়োজিত এই শিবিরে আইনি সহায়তা ও সুরক্ষার নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক রিহা ত্রিবেদী। তিনি পণপ্রথা ও যৌতুক বিরোধী আইন, বর্তমান সময়ের গিগ ওয়ার্কার বা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের কাজের নিরাপত্তা এবং ক্রেতা সুরক্ষা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ আইনি অধিকার নিয়ে আলোচনা করেন। এছাড়া কর্তৃপক্ষের প্যানেল আইনজীবী উত্তম বেজ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিভিন্ন আইনি দিক বিশদে ব্যাখ্যা করেন। স্থানীয় সুবর্ণরৈখিক উপভাষায় বক্তব্য রেখে সাধারণ মানুষের মন ছুঁয়ে যান অধিকার মিত্র রীতা দাস দত্ত। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দফতর থেকে কীভাবে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়া যায় এবং কোথায় যোগাযোগ করতে হবে, তা সহজ ভাষায় বুঝিয়ে দিয়ে তিনি সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন।
প্রশাসনিক স্তরে সাধারণ মানুষের সুযোগ-সুবিধা তুলে ধরেন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক (জয়েন্ট বিডিও) সুশান্ত কুণ্ডু। তিনি গরিব মানুষদের জন্য সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়ার উপায় নিয়ে আলোচনা করেন। অন্যদিকে বর্তমান ডিজিটাল যুগে সাইবার অপরাধ ও অনলাইনে আর্থিক প্রতারণার ফাঁদ থেকে কীভাবে নিরাপদ থাকা যায়, সে বিষয়ে বিস্তারিত সচেতনতামূলক পরামর্শ দেন গোপীবল্লভপুর থানার সাব-ইন্সপেক্টর সেক সরফরাজ নাওয়াজ।
শিবিরে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক এলাকার প্রায় দুই শতাধিক কর্মী অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন অধিকার মিত্র তারকেশ্বর রানা, নীলকণ্ঠ ঘোড়াই, মোহিত বেজ ও আলোক সিংয়ের মতো ব্যক্তিত্বরা। প্রান্তিক এলাকার মানুষদের আইনি পথ চেনা এবং সরকারি অধিকার বুঝে নেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা নেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।









