ঝাড়গ্রাম, ১৬ সেপ্টেম্বর: ‘সেবা সংকল্প’ কর্মসূচি সফলভাবে রূপায়ণের লক্ষ্যে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার নিজের দফতরের এক আধিকারিককে সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে এই বৈঠক সারেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্চায়েত মন্ত্রী দাবি করেন, রাজ্যে কর্মসংস্থানের গতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং চলতি সপ্তাহেই প্রতিদিন এক লক্ষ কর্মদিবস তৈরির মাইলফলক স্পর্শ করবে বাংলা। একই সঙ্গে বিগত তৃণমূল সরকারের আমলে হওয়া দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট জানান, কোনও অপরাধীই ছাড় পাবে না এবং উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই সমস্ত অন্যায়ের পূর্ণাঙ্গ তদন্ত হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মতিথিকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচি প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে ‘সেবা সংকল্প’ কর্মসূচি চলবে। এর মূল উদ্দেশ্য হল ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন ও পরিকল্পনাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় এই প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের যোজনার মাধ্যমে রাজ্য সরকার কাজ করছে এবং বিজেপি সংগঠনের তরফেও এই অভিযান চলছে। আমরা ৩১৮টি নির্দিষ্ট কাজের তালিকা দিয়েছি, যেগুলি ধাপে ধাপে শুরু হয়েছে।”
রাজ্যে কাজের সুযোগ বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরে তিনি উল্লেখ করেন, আগে পশ্চিমবঙ্গে প্রতিদিন মাত্র সাত হাজার কর্মদিবস তৈরি হতো। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে প্রতিদিন সত্তর হাজারেরও বেশি হয়েছে এবং চলতি সপ্তাহেই তা এক লক্ষে পৌঁছে যাবে। আগামী দিনে প্রতিদিন চার থেকে পাঁচ লক্ষ কর্মদিবস তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিগত সরকারের আমলের অনিয়ম নিয়ে সুর চড়িয়ে পঞ্চায়েত মন্ত্রী বলেন, “আগে যা দুর্নীতি হয়েছে, তার তদন্ত চলছে। তবে আমাদের আগে উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। তারপর যা যা অন্যায় ও অপরাধ হয়েছে, তার কঠোর বিচার হবে। ভুয়ো ডাক্তার, মন্ত্রী, অফিসার কিংবা আইপিএস— যেই জড়িত থাকুক না কেন, সবাইকে ধরা পড়বে এবং বিচারের মুখোমুখি হতে হবে।”
রাজ্যের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি ঝাড়গ্রামের ম্যাঙ্গানিজ, অশোকনগরের খনিজ তেল এবং পুরুলিয়ায় পাওয়া লিথিয়ামের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, “এগুলি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিষয়। সমস্ত তথ্য জানা সত্ত্বেও আগে রাজনৈতিক কারণে এগুলি মাটির নিচ থেকে তুলতে দেওয়া হয়নি। এখন এগুলি তোলা হবে, যার ফলে স্থানীয় মানুষ কাজ পাবেন এবং সরকারেরও বড়সড় লাভ হবে।” তৃণমূলকে নিশানা করে তিনি আরও অভিযোগ করেন, “আগে তৃণমূলের ছত্রছায়ায় থেকে এই সমস্ত প্রাকৃতিক সম্পদ দেদার লুট করা হতো। এখন সেই লুট বন্ধ হয়েছে বলেই সরকার নিয়ম মেনে সম্পদ আহরণ করছে এবং এর ফলে সরকারি রাজস্ব ইতিমধ্যে ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।”
আসন্ন উপনির্বাচন এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, “উনি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট করুন, আমরা মানুষের জন্য নির্বাচন লড়ছি।” পাশাপাশি রাজ্যের ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়ে জানান, কোনও রকম রাজনৈতিক বৈষম্য বা অনিয়ম বরদাস্ত করা হবে না, একমাত্র প্রকৃত যোগ্য ব্যক্তিরাই এই সরকারি সুবিধার আওতায় আসবেন।









