আন্তর্জাতিক ডেস্ক, রিয়াধ, ৩০ সেপ্টেম্বর: দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে দুই পাইলটের মধ্যে ছুরি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়াল। প্রায় ১৮০ জন ইজরায়েলি যাত্রী নিয়ে ওড়া বোয়িং ৭৩৭ ম্যাক্স এইট বিমানটি (উড়ান এফজেড ১০৭৩) বুধবার আচমকাই জরুরি ভিত্তিতে বিমান ছিনতাইয়ের আন্তর্জাতিক কোড পাঠাতে শুরু করলে পরিস্থিতি মারাত্মক মোড় নেয়। উড়ান সংক্রান্ত ট্র্যাকিং তথ্য অনুযায়ী, প্রথমে সাধারণ জরুরি পরিস্থিতির সঙ্কেত ‘৭৭০০’ এবং কিছুক্ষণের মধ্যেই বেআইনি দখল বা বিমান ছিনতাইয়ের সঙ্কেত ‘৭৫০০’ পাঠানো হয়। এমন সতর্কবার্তা মেলামাত্রই সম্ভাব্য ছিনতাইয়ের আশঙ্কায় যুদ্ধবিমান নামিয়ে আকাশপথে মহড়া শুরু করে ইজরায়েলি বায়ুসেনা। তবে শেষ পর্যন্ত বিমানটি গতিপথ পরিবর্তন করে উত্তর-পশ্চিম সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
তদন্তে উঠে এসেছে, বিমানটি কোনও জঙ্গি বা বহিরাগত দ্বারা ছিনতাই হয়নি, বরং ককপিটের ভেতরে দুই পাইলটের ব্যক্তিগত বা পেশাগত হিংসাত্মক মারামারির ফলেই এই বিপত্তি ঘটে। অভিযোগ, ধস্তাধস্তির সময় এক পাইলট অপরজনকে ধারালো ফোল্ডিং ছুরি দিয়ে আঘাত করেন এবং সেই মারামারির মাঝেই ককপিট থেকে সক্রিয় হয়ে ওঠে ছিনতাইয়ের কোড। এমনকি প্রথম সঙ্কেত পাঠানোর আগে মাত্র দুই মিনিটে বিমানটি প্রায় ১৭,৪০০ ফুট নিচে নেমে গিয়েছিল। এক প্রত্যক্ষদর্শী যাত্রী জানান, “ককপিট থেকে তীব্র চিৎকার ভেসে আসছিল এবং দরজা খোলার পর চারদিকে রক্ত ছড়িয়ে থাকতে দেখা যায়; চরম আতঙ্কের মধ্যেই যাত্রী ও অন্য বিমানকর্মীরা ঝাঁপিয়ে পড়ে হামলাকারী পাইলটকে কাবু করেন।” সৌদি আরবের তাবুকে অবতরণের পর সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যাত্রীদের নিরাপদে তেল আভিভে ফিরিয়ে আনার ব্যবস্থা চলছে।









