২০৪৭ সালের মধ্যে ৩১৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে ভারতের আয়ুষ পরিষেবা অর্থনীতি: আরআইএস

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর: ভারতীয় চিরাচরিত চিকিৎসা ও সুস্থতা পরিষেবা ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্থনৈতিক বৃদ্ধি নথিভুক্ত করল গবেষণাকারী সংস্থা ‘রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ’ (আরআইএস)। বুধবার প্রকাশিত সর্বভারতীয় সমীক্ষায় সংস্থাটি জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতে আয়ুষ পরিষেবা অর্থনীতির আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৩,৬৯২ কোটি মার্কিন ডলার (৩৬.৯২ বিলিয়ন ডলার)। ২০২২-২৩ অর্থবর্ষ থেকে এটি বার্ষিক গড়ে ১৬.৯১ শতাংশ চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়েছে এবং প্রত্যক্ষভাবে প্রায় ১৭ লক্ষ ৬০ হাজার মানুষের কর্মসংস্থান ও জীবিকা নিশ্চিত করেছে। প্রয়োজনীয় পরিকাঠামো, আধুনিক ডিজিটাল ব্যবস্থা ও বিশ্বমানের মানোন্নয়ন ঘটানো গেলে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর অংশ হিসেবে আগামী ২০৪৭ সালের মধ্যে এই পরিষেবার বাজার ২১৬ বিলিয়ন থেকে ৩১৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে বলে রিপোর্টে আভাস দেওয়া হয়েছে। নাগপুরে একাদশ জাতীয় আয়ুর্বেদ দিবস উদযাপন মঞ্চে আনুষ্ঠানিকভাবে এই সমীক্ষা রিপোর্ট প্রকাশ করা হয়।

দেশের ১৫,৯১৪টি প্রতিষ্ঠানের ওপর চালানো সমীক্ষা অনুযায়ী, আয়ুষ পরিষেবা খাতের মোট আয়ের ৭১ শতাংশেরও বেশি আসে সাধারণ ক্লিনিক ও ডে-কেয়ার সেন্টারগুলি থেকে; যার মধ্যে স্বাধীন ক্লিনিকগুলির অবদান ১,৬২১ কোটি ডলার এবং ডে-কেয়ার সেন্টারগুলির অবদান ১,০১৩ কোটি ডলার। পদ্ধতির নিরিখে প্রায় ৪৮ শতাংশ বা ১,৭৭৩ কোটি ডলার আয় এনে দিয়ে শীর্ষস্থানে রয়েছে আয়ুর্বেদ। পাশাপাশি সুস্থতা ও প্রতিরোধমূলক ব্যবস্থার প্রসারে ইয়োগা সেন্টার, স্পা ও রিসর্ট-ভিত্তিক ওয়েলনেস ক্ষেত্রে বার্ষিক ২১.২৯ শতাংশ বৃদ্ধি দেখা গেছে; যেখানে ইয়োগা কেন্দ্রগুলির আয় দুই বছরে বেড়েছে প্রায় ৭৫ শতাংশ। কর্মসংস্থানের ক্ষেত্রেও নারীদের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়ার মতো—সমগ্র আয়ুষ পরিষেবা কর্মীদের ৪৩ শতাংশই মহিলা; বিশেষ করে স্পা ও রিসর্টে তাঁদের হার ৬০ শতাংশের বেশি, শিক্ষা প্রতিষ্ঠানে ৫৮ শতাংশ, ডে-কেয়ার সেন্টারে ৫৭ শতাংশ এবং হাসপাতালে ৫৩ শতাংশ। এছাড়া পঞ্চকর্ম ও আবাসিক যোগের মতো দীর্ঘমেয়াদি চিকিৎসা ব্যবস্থার হাত ধরে মেডিক্যাল ভ্যালু ট্রাভেল খাত থেকে এই ক্ষেত্রে ১৭৭ কোটি ডলার আয় এসেছে, যা আন্তর্জাতিক রোগীদের হাত ধরে হাসপাতালের রাজস্বের ১৫ থেকে ২৫ শতাংশ নিশ্চিত করে। কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব জানিয়েছেন, “এই সমীক্ষা প্রমাণ করল আয়ুষ কেবল সাংস্কৃতিক ঐতিহ্য নয়, এটি দেশের অর্থনীতির এক অত্যন্ত গতিশীল বৃদ্ধির চালিকাশক্তি।” আয়ুষ সচিব বৈদ্য রাজেশ কোটেচাও দাবি করেছেন, এটিই প্রথম জাতীয় স্তরের প্রাতিষ্ঠানিক মূল্যায়ন যা ভবিষ্যতের নীতি প্রণয়ন ও বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভিত্তি জোগাবে।

Leave a Comment

আরও পড়ুন