নির্বাচন কমিশন অভিযানে রাহুল-প্রিয়াঙ্কা আটক

নয়াদিল্লি, ৬ অক্টোবর: ভোটার তালিকা সংশোধন ঘিরে ‘ভোট চুরি’র অভিযোগে নির্বাচন কমিশন অভিযানে নেমে পুলিশের ব্যারিকেডে আটক হলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের সদর দফতর পর্যন্ত পদযাত্রার ডাক দিয়েছিল বিরোধী ‘ইন্ডিয়া’ মঞ্চ। তবে মাঝপথেই বিরোধীদের পথ আটকে দেয় পুলিশ, আটক করা হয় পদযাত্রায় অংশ নেওয়া সাংসদদের।

সংসদ ভবন থেকে বিরোধীদের এই মিছিলকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানী জুড়ে নজিরবিহীন নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়। রাইসিনা রোড, সংসদ ভবন এবং নির্বাচন কমিশনের দফতর সংলগ্ন এলাকায় নামানো হয় র‌্যাপিড অ্যাকশন ফোর্স। বহুস্তরীয় ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হয় গোটা এলাকা।

মিছিল কিছু দূর এগোতেই তৈরি হয় তীব্র বিশৃঙ্খলা। বাধা পেয়ে পুলিশি ব্যারিকেডের ওপর উঠে পড়েন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই রাহুল ও প্রিয়াঙ্কা-সহ বিরোধীদের টেনেহিঁচড়ে বাসে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। কংগ্রেস ছাড়াও সমাজবাদী পার্টি ও তৃণমূলের মতো বিরোধী শিবিরের সাংসদদের পাশাপাশি নবীন পট্টনায়কের দল বিজেডির সাংসদরাও এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হন।

ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ায় লক্ষাধিক প্রকৃত ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই সরব বিরোধীরা। তাঁদের দাবি, কমিশনের এই সিদ্ধান্তের জেরেই বেনিয়ম চরমে পৌঁছেছে। পদত্যাগের দাবির পাশাপাশি এ নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করারও পরিকল্পনা রয়েছে বিরোধী শিবিরের। তবে নির্বাচন কমিশন যাওয়ার আগেই সাংসদদের আটক করে বাস বোঝাই করার ঘটনায় রাজধানীর রাজপথে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

Leave a Comment

আরও পড়ুন