‘সীমাহীন বৃদ্ধি’: যশোভূমিতে শুরু হচ্ছে দশম ভারত মোবাইল কংগ্রেস

নয়াদিল্লি, ৫ অক্টোবর: শুধু পরিষেবার ভরসায় বসে থাকা নয়, এবার নিজস্ব প্রযুক্তি পণ্য নিয়ে বিশ্বজয়ের লক্ষ্য ভারতের। আগামী ৮ অক্টোবর দ্বারকার যশোভূমিতে দশম ‘ভারত মোবাইল কংগ্রেস’-এর (আইএমসি) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক মুখে সোমবার সভাস্থল ঘুরে প্রস্তুতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় টেলিকমমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

প্রদর্শনী চত্বর পরিদর্শন ও টেলিকম কর্তাদের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী জানান, এবারের আয়োজনের মূল সুর ‘সীমাহীন বৃদ্ধি’। পরিষেবা প্রদানকারী দেশ থেকে ভারত কীভাবে নিজস্ব পণ্য তৈরির দেশে রূপান্তরিত হচ্ছে, সেটাই এই মঞ্চে তুলে ধরা হবে। সিন্ধিয়ার কথায়, “উৎসাহ আর শক্তিতে টগবগ করছে এবারের দশম আসর। ভারতীয় সংযোগ ব্যবস্থার যে প্রমাণিত সাফল্য রয়েছে, তাকে ভিত করেই প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে।”

টেলিকম ক্ষেত্রে ভারতের অগ্রগতিকে সামনে রেখেই এবারের মেগা আয়োজন। সরকারি হিসেব অনুযায়ী, দেশে এখন ব্রডব্যান্ড গ্রাহক ১০০ কোটি ছাড়িয়েছে এবং প্রায় ৮৫ শতাংশ মানুষের কাছে পৌঁছে গিয়েছে পঞ্চম প্রজন্মের দ্রুতগতির মোবাইল পরিষেবা (৫জি)। এ ছাড়াও বিশ্বের পঞ্চম দেশ হিসেবে নিজস্ব প্রযুক্তিতে ফোর-জি পরিকাঠামো তৈরি করে আত্মনির্ভরতার নজির গড়েছে ভারত।

আন্তর্জাতিক এই সম্মেলনে দেশ-বিদেশের দেড় লাখের বেশি দর্শনার্থী, ছ’শোর বেশি স্টার্ট-আপ এবং প্রায় ন’শো চিন্তাশীল বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। কৃত্রিম মেধা, কোয়ান্টাম প্রযুক্তি, সেমিকন্ডাক্টর সরবরাহ এবং সিক্স-জি নিয়ে আলোচনা ছাড়াও থাকছে সাতশোরও বেশি বিনিয়োগকারী বৈঠক। স্টার্ট-আপগুলির জন্য বিশ্বমানের লগ্নি টানার এমন মঞ্চ আন্তর্জাতিক স্তরে ভারতের প্রযুক্তি নেতৃত্বকে আরও পোক্ত করবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

আরও পড়ুন