সুনীপম মহাকুল: স্রেফ মাটি কাটার কাজ নয়, এবার টেকসই গ্রামীণ সম্পদ তৈরির লক্ষ্য নিয়ে গ্রামীণ কর্মসংস্থানের পরিধি এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিল কেন্দ্র। বিকশিত ভারত–রোজগার ও আজীবিকা মিশন (গ্রামীণ) আইনের অধীনে মোট ৩৭৫টি কাজের ছাড়পত্র দিয়ে নতুন তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। আগের চালু থাকা প্রকল্পের তুলনায় কাজের পরিধি বেড়েছে প্রায় ৪১ শতাংশ।
পুরনো তালিকার ২৬৬টি কাজকে বদলে ফেলে নতুন কাঠামোকে মূলত চারটি প্রধান ভাগে সাজানো হয়েছে—জল সুরক্ষা, গ্রামীণ বুনিয়াদি পরিকাঠামো, জীবিকা-সংক্রান্ত নির্মাণ এবং চরম আবহাওয়া ও বিপর্যয় মোকাবিলা। মন্ত্রকের বক্তব্য, কেবল মজুরি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ না থেকে গ্রামে দীর্ঘমেয়াদি সম্পদ গড়ে তোলা এবং উন্নয়নের স্পষ্ট ফলাফল পাওয়াই এই সংস্কারের মূল উদ্দেশ্য।
তালিকার সিংহভাগ জুড়ে রয়েছে জল সুরক্ষার কাজ। নদী-নালা সংস্কার, চেক ড্যাম, ড্রিপ সেচ ব্যবস্থার পাশাপাশি বরফ স্তূপ বা কৃত্রিম হিমবাহ তৈরির মতো আধুনিক ১২৮টি প্রকল্প রয়েছে এই ভাগে। দ্বিতীয় ভাগে রয়েছে সৌর পথবাতি, বর্জ্য প্রক্রিয়াকরণ, গ্রামীণ পাঠাগার ও স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের মতো ১১১টি মৌলিক পরিকাঠামোর কাজ।
তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ লাফ দেখা গেছে জীবিকাভিত্তিক পরিকাঠামোয়। স্বনির্ভর গোষ্ঠীর ওয়ার্কশেড, হিমঘর, কৃষি প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং মাশরুম চাষের শেড তৈরির মতো ৯৮টি কাজ অন্তর্ভুক্ত হয়েছে। ফলে জীবিকাভিত্তিক কাজের হিসেবটি পুরনো ব্যবস্থার ১.১ শতাংশ থেকে লাফিয়ে এবার ২৬ শতাংশে পৌঁছেছে। এ ছাড়াও প্রথমবার যোগ করা হয়েছে বন্যা আশ্রয় কেন্দ্র ও নদীবাঁধ সংস্কারের মতো বিপর্যয় মোকাবিলার ৩৮টি জরুরি কাজ।
নতুন নিয়মে ওপর থেকে চাপিয়ে দেওয়া নয়, গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন পরিকল্পনা ও গ্রামসভার অনুমোদনেই প্রকল্পগুলি চূড়ান্ত হবে। একই সঙ্গে কাজের স্বচ্ছতা বজায় রাখতে এবং কেন্দ্রীয় ও রাজ্য স্তরের বিভিন্ন প্রকল্পের অপচয় বা পুনরাবৃত্তি রুখতে গোটা ব্যবস্থাটি ডিজিটাল প্ল্যাটফর্মের নজরদারিতে রাখা হবে।









