জওয়ানের দেহে দেশীয় প্রযুক্তির ‘কার-টি সেল’: নয়া নজির কমান্ড হাসপাতালের

কলকাতা, ৬ অক্টোবর: রক্তের জটিল ক্যান্সারে আক্রান্ত এক জওয়ানের শরীরে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ‘কার-টি সেল’ প্রয়োগ করল ভারতীয় সেনা। কলকাতার কমান্ড হাসপাতালে (ইস্টার্ন কমান্ড) ৩৯ বছর বয়সী ওই সেনাকর্মীর দেহে সফলভাবে এই চিকিৎসা চালানো হয়েছে। প্রথাগত চিকিৎসায় সাড়া না মেলা মারণ রোগের বিরুদ্ধে লড়াইয়ে এটি এক ঐতিহাসিক সাফল্য বলেই মনে করছে প্রতিরক্ষা ও চিকিৎসা মহল।

ব্লাড ক্যান্সারের এক জটিল রূপ ‘বি-সেল অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া’য় আক্রান্ত ছিলেন ওই জওয়ান। রোগের পুনরাবৃত্তি ঘটায় সাধারণ চিকিৎসা আর কাজে আসছিল না। এমন সংকটজনক পরিস্থিতিতে তাঁর উপর প্রয়োগ করা হয় ‘নেক্সকার১৯’ নামের দেশীয় সেল থেরাপি।

আইআইটি বম্বে, টাটা মেমোরিয়াল সেন্টার এবং বায়োটেক স্টার্ট-আপ ‘ইমিউনোঅ্যাক্ট’-এর যৌথ গবেষণায় তৈরি হয়েছে ভারতের এই নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা। এই পদ্ধতিতে রোগীর শরীর থেকেই টি-কোষ সংগ্রহ করে গবেষণাগারে জেনেটিক পরিবর্তনের মাধ্যমে ক্যান্সার চেনার উপযোগী করে তোলা হয়। পরে সেই রূপান্তরিত কোষ আবার রোগীর দেহে প্রবেশ করালে তা নির্দিষ্ট ক্যান্সার কোষকে খুঁজে বের করে ধ্বংস করে। সবচেয়ে বড় সুবিধা হলো, বিদেশি চিকিৎসার তুলনায় এর খরচ প্রায় দশ ভাগের এক ভাগ এবং এতে স্নায়বিক জটিলতার ঝুঁকিও অনেক কম।

এই সাফল্যকে “ঐতিহাসিক অর্জন” হিসেবে উল্লেখ করেছে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড। সামাজিক মাধ্যমে তারা জানিয়েছে, ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের কাছে বিশ্বমানের ও আধুনিকতম চিকিৎসা পৌঁছে দিতে চিকিৎসকদের নিষ্ঠা এবং ক্লিনিক্যাল দক্ষতারই প্রমাণ এই পদক্ষেপ।

এর আগে গত সেপ্টেম্বর মাসে চণ্ডীমন্দিরের কমান্ড হাসপাতালেও (ওয়েস্টার্ন কমান্ড) এক ১৬ বছর বয়সী রোগীর দেহে সফলভাবে এই দেশীয় চিকিৎসা প্রয়োগ করা হয়েছিল। সেনাকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য একের পর এক সামরিক হাসপাতালে এই আধুনিক ব্যবস্থার প্রয়োগ প্রতিরক্ষা স্বাস্থ্য পরিষেবায় নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Comment

আরও পড়ুন