তেল আভিভ, ৬ অক্টোবর: মাঝআকাশে বিমান ধ্বংসের চেষ্টার নেপথ্যে চরমপন্থী মতাদর্শ আর প্রতিশোধের আগুন। দুবাই থেকে ইজরায়েলগামী বিমান মাঝআকাশে ভেঙে ফেলার চক্রান্ত এবং ভারতীয় পাইলটকে আক্রমণের ঘটনায় ধৃত ওমানের সহ-পাইলট হামাম আল-হাম্মামির মুখ থেকে বিস্ফোরক তথ্য পেলেন গোয়েন্দারা। তদন্তকারীদের জেরার মুখে ২৯ বছর বয়সী ওই যুবক সাফ জানিয়েছেন, “গাজার ঘটনার বদলা নিতে এবং শহিদ হওয়ার উদ্দেশ্যেই” তিনি বিমানটি ধ্বংস করতে চেয়েছিলেন।
ইজরায়েলের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ, সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়ে ধৃত চালককে যৌথভাবে জেরা করছেন ইজরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেট এবং মোসাদের আধিকারিকরা। মোসাদ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলিতে ইজরায়েল-বিরোধী একাধিক দেশে সফর করেছিলেন ওই যুবক। সেই সফরের সুযোগ নিয়ে কোনো জঙ্গি সংগঠন বা ব্যক্তি তাঁকে এই কাজের জন্য প্ররোচিত বা সক্রিয় করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্ত যত এগোচ্ছে, ততই প্রকাশ্যে আসছে অভিযুক্তের অতীত। জানা গেছে, অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করলেও মাঝপথেই তা ছেড়ে দেন তিনি। অস্ট্রেলিয়ায় কাটানো দিনগুলিতেই তিনি কোনো উগ্রপন্থী ভাবধারায় দীক্ষিত হয়েছিলেন কি না, তা জানতে তদন্তে নেমেছে অস্ট্রেলিয়ান গোয়েন্দারাও। সেখানে থাকার সময় কট্টরপন্থী ধর্মস্থান ও উগ্রপন্থী ওয়েবসাইটগুলিতে তাঁর নিয়মিত যাতায়াত ছিল বলে অভিযোগ।
এ ছাড়া পাইলট হওয়ার প্রশিক্ষণের জন্য নিউজিল্যান্ডেও ছয় মাস কাটিয়েছিলেন আল-হাম্মামি। নিউজিল্যান্ড পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালের নভেম্বর থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত স্টুডেন্ট ভিসা নিয়ে তিনি সে দেশে একটি ব্রিটিশ সংস্থার অধীনে বিমান চালানোর তালিম নেন। তাঁর অতীত গতিবিধির সমস্ত নথি এখন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলির আতশকাচের নিচে। মাঝআকাশে যাত্রীদের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলার এমন ভয়াবহ চক্রান্তের শিকড় কত দূর ছড়িয়ে, তা জানতে একযোগে তল্লাশি চালাচ্ছে একাধিক দেশের তদন্তকারী দল।









